উত্পাদিত খাদ্যপণ্যের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে ২০১২-২০১৩ অর্থবছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের সহায়তায় তিনটি দেশীয় খাদ্য শিল্প প্রতিষ্ঠান আইএসও ২২০০০:২০০৫ সনদ অর্জন করেছে। আন্তর্জাতিক মান সনদ আইএসও ২২০০০:২০০৫ অর্জনের জন্য খাদ্য শিল্প কারখানায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগত উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল এ তথ্য জানানো হয়। রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) মিলনায়তনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিসিএসআইআর-এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহম্মদ ইসমাইল মোস্তফা, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সৈয়দ নূরুল ইসলাম, আইএসও ২২০০০:২০০৫ সনদ অর্জনকারী প্রতিষ্ঠান মার্কস আইসক্রীমের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, নূর ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী সুরাইয়া আক্তার বক্তব্য রাখেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর ব্যবস্থাপনায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক জাপানি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এ সনদ দেয়া হয়। চলতি বছর এসএমই ফাউন্ডেশন ১০টি দেশীয় খাদ্য শিল্প প্রতিষ্ঠানকে এ সনদ লাভে সহায়তা করবে।
