আবাসন ও পানি সংকট হলে ছাত্রীদের ভাংচুর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
আবাসিক হলে আবাসন ও তীব্র পানির সঙ্কটকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা ব্যাপক ভাংচুর করেছে। বুধবার রাত সাড়ে ১১ টায় বিক্ষুব্ধ ছাত্রীরা হলের প্রভোস্ট ও অফিস রুমসহ বেশ কয়েকটি কক্ষে এ ভাংচুর চালায়। এ সময় তারা রুমের দরজা, জানালা, আসবাবপত্রসহ কম্পিউটার ভাংচুর করে। পরবর্তিতে উপাচার্যের আশ্বাসের প্রেক্ষিতে ছাত্রীরা নিজ কক্ষে ফিরে যায়। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের এই হলটিতে আবাসন ও প্রয়োজনীয় পানির তীব্র সংকট চলে আসছে। বুধবার সন্ধ্যা থেকেই যথারীতি পানির সংকট দেখা দিলে ছাত্রীরা হলের দায়িত্বরত প্রভোস্ট, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে যোগাযোগের চেষ্টা করে। রাত সাড়ে ১১টা পর্যন্ত পানির জন্য অপেক্ষা করে পানি না পেয়ে তারা এ ভাংচুর করেছে বলে জানান ছাত্রীরা। তারা আরো জানান, হলে দীর্ঘ ছয় মাস ধরে ব্যবহার্য পানির তীব্র সঙ্কট বিরাজ করছে। সকালে পানি থাকলেও দুপুর থেকে রাত পর্যন্ত পানি থাকে না। ফলে ছাত্রীরা নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে পারেন না। পানির জন্য দিনে ও রাতে হলের বাইরে যেতে হয়। পরীক্ষার সময় আরো বেশি দুর্ভোগ বেড়ে যায়। গোসলের জন্য দিতে দীর্ঘ লাইন। অন্যদিকে একই হলে আবাসনেরও তীব্র সংকট চলছে। এক বেডে দুজন এমনকি তিনজন পর্যন্ত ছাত্রী অবস্থান করছে। কেউ কেউ ডাইনিং-এর মেঝেতেও অবস্থান করছে। এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনা যেমন ব্যাহত হচ্ছে অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে থাকায় তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসকল বিষয়ে হল কর্তৃপক্ষকে বারবার অবগত করা হলেও এর কোন সমাধান মেলেনি বলে অভিযোগ করেছেন একাধিক ছাত্রী। ছাত্রীদের অভিযোগ সত্য বলে স্বীকার করে হলের প্রভোস্ট অসীম কুমার ভদ্র জানান, হলের সৃষ্ট সমস্যার মূল কারণ হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি শিক্ষার্থীর অবস্থান। এছাড়া পানির পাম্পের সংকট রয়েছে। তবে অতি শিগগিরই সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি।