ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেছেন, আমাদের সময় এসেছে বৈষম্যমুক্ত দেশ গড়ার। এ উদ্দেশ্যে আমাদেরকে সমাজ ও রাষ্ট্রে বৈষম্য সৃষ্টিকারী আইন-কানুনগুলো চিহ্নিত করার মধ্যদিয়ে যুগোপযোগী করে সকল মানুষের সমঅধিকারের নিশ্চয়তা বিধানের ব্যবস্থা করতে হবে, যা সংবিধান আমাদের উপর পবিত্র দায়িত্ব হিসাবে অর্পণ করেছে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে জাতীয় সংসদ এবং সেভ দি চিলড্রেন-এর যৌথ সহযোগিতায় বেসরকারি সংস্থা নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) কর্তৃক আয়োজিত ‘অ্যাডভোকেসি মিটিং উইথ মেম্বার অব পার্লামেন্টস অন এইচআইভি এন্ড এইডস প্রিভেনশন এন্ড দেয়ার রোল’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, এইচআইভি আক্রান্ত ও এ সংক্রান্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহায়ক নয় এমন কিছু আইন রয়েছে যা যুগোপযোগী করা বর্তমান সময়ের দাবি। এ সকল আইনের সংস্কার না করায় এইচআইভি আক্রান্ত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আইনী সহায়তার বদলে আরও বেশি বৈষম্যের শিকার হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মো. সিরাজুল আকবর এমপি, অ্যাডভোকেট তারানা হালিম এমপি, জিনাতুননেসা তালুকদার এমপি এবং মো. মুরাদ হাসান এমপি। এছাড়াও অনুষ্ঠানে ইউএনএইডসের কান্ট্রি কো-অর্ডিনেটর লিও কেনি, সেভ দি চিলড্রেন এর এইচআইভি কর্মসূচির চিফ অব পার্টি ড. সাইমন রাসিন প্রমুখ বক্তৃতা করেন।
