শাহাবুদ্দিনের যোদ্ধা শীর্ষক চিত্রপ্রদর্শনী আজ শুরু

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
জীবনের অস্তিত্বকে টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হয়। আবার কখনো মাতৃভূমির মর্যাদা কিংবা সভ্যতাকে বাঁচিয়ে রাখতেও মানুষকে যুদ্ধ করতে হয়—এমন বোধ থেকেই প্রদর্শনীর শিরোনাম হয়েছে ‘যোদ্ধা’। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ তার প্রদর্শনীর শিরোনামকে এভাবেই ব্যাখ্যা করেন। আজ শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি টোয়েন্টি ওয়ানের আয়োজনে শুরু হচ্ছে শিল্পীর ‘যোদ্ধা’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টোয়েন্টি ওয়ানে শাহবুদ্দিন তাঁর নতুন চিত্রকর্ম নিয়ে শিল্পানুরাগীদের সঙ্গে বিশেষ আড্ডায় অংশ নেন। এতে তিনি সদ্য আঁকা ছবিগুলো নিয়ে কথা বলেন। আড্ডায় উপস্থিত ছিলেন টোয়েন্টি ওয়ানের পরিচালক সুব্রানা শামীম। আজ বিকাল ৫টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ২৯টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। তিন সপ্তাহব্যাপী প্রদর্শনীর শেষ হবে ১১ অক্টোবর। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা শাহাবুদ্দিনের শিল্পকর্ম দেখার সুযোগ পাবেন।