ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল পাস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় বিল-২০১৩ জাতীয় সংসদে পাস হয়েছে। স্নাতক (ফাজিল) ও স্নাতকোত্তর (কামিল) পর্যায়ের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আরও আধুনিকীকরণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে পৃথক আরবি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান করে এ বিল গত বুধবার রাতে কণ্ঠভোটে পাস হয়। গত ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদে বিলটি উত্থাপন করা হয়। এরপর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করেন। বিলটি উত্থাপন করে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘদিন থেকে দেশের আলেম সমাজের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বর্তমান মহাজোট সরকার এই বিশ্ববিদ্যালয় স্থাপনের বিধান প্রণয়ন করছে। আর এ বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে দেশের আলেম সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। আরবি শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আলেম সমাজের দাবি থাকার পরও ভারত-পাকিস্তান ও বাংলাদেশের কোন সরকার এ দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। বিলে বলা হয়েছে, এই বিধান অনুযায়ী সরকার নির্ধারিত স্থানে একটি পৃথক ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন করবে। বিশ্ববিদ্যালয়-এর উপযুক্ত বিবেচনায় দেশের অন্য যে কোন বিভাগীয় শহরে এর আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা যাবে। এছাড়া বিলে বিশ্ববিদ্যালয় তহবিল, বার্ষিক প্রতিবেদন, বার্ষিক হিসাব, পরিদর্শক ও পরিদর্শন, মাদ্রাসায় শিক্ষাদান এবং বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার মধ্যে সহযোগিতা, মাদ্রাসা সংক্রান্ত সাধারণ বিধান, পরীক্ষা, বিশ্ববিদ্যালয় বিধি প্রণয়ন, প্রবিধান, শিক্ষার মাধ্যমসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।