আগামীকাল ‘জাদুর প্রদীপ’

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ১৭:৫৬
বিশ্বখ্যাত মূকাভিনেতা ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সোর ৬ষ্ঠ প্রয়াণবার্ষিকী উপলক্ষে স্বপ্নদলের মাইমোড্রামা ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে। ‘আরব্য রজনী’র অমর কাহিনি ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত ব্যতিক্রমী প্রযোজনা এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাস ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রদর্শনীর পূর্বে মার্সেল মার্সোর জীবন ও শিল্পকর্ম সম্পর্কিত তথ্যবলি উপস্থাপন করা হবে। মূকাভিনয় আঙ্গিকে নির্মিত একক কাহিনীভিত্তিক পূর্ণাঙ্গ দৈর্ঘ্যের নাট্যপ্রযোজনাই মাইমোড্রামা বা মূকনাট্য। বাংলাদেশের নাট্যচর্চায় মাইমোড্রামা বিষয়টি অবহেলিত কিন্তু নিঃসন্দেহে একটি অসীম সম্ভাবনাময় ক্ষেত্র। দেশে এ পর্যন্ত কয়েকটি মাত্র মাইমোড্রামা নির্মিত হয়েছে এবং বর্তমান সময়ে ‘জাদুর প্রদীপ’ই রাজধানীর একমাত্র মাইমোড্রামা। ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ কাহিনিটি সুপরিচিত হলেও মাইমোড্রামা হিসেবে উপস্থাপনের জন্যে স্বপ্নদলের ‘জাদুর প্রদীপ’-এ এটিকে নতুনভাবে বিন্যাস করা হয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণশক্তির বিজয়ই প্রযোজনটির মূল অভীষ্ট।