বড় জয় চায় বার্সেলোনা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
লা লিগায় ভাল সূচনার শতভাগই ধরে রাখতে চায় বার্সেলোনা। কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে আজ রায়ো ভ্যালেকানো’র বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বড় জয়ের লক্ষ্যেই মাঠে নামছে কাতালানরা। একইদিনে মাঠে নামছে আরও ছয়টি দল; মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ-মালাগা, আলমেইরা-লেভান্তে ও রিয়াল ভ্যালাদোলিদ ও-অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় নিজেদের প্রথম চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট অর্জন করে বার্সেলোনা পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। আর লা লিগায় পারফরম্যান্সটা ধরে রেখে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হ্যাটট্রিকে আয়াক্স অ্যামস্টারডামকে ক্লাবটি হারায় ৪-০ গোলে। এবার চ্যাম্পিয়ন্স লিগের মত লা লিগাতেও সহজ জয়ের স্বাদ পেতে চায় বার্সেলোনা। তেমনটাই জানালেন দলের কোচ জেরার্ডো মার্টিনো, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা দারুণই হল। এমন দারুণ শুরুর ইচ্ছাই ছিল আমাদের। আর এমন জয়ে আত্মবিশ্বাসটাও অনেক বেশি আমাদের। তাই চ্যাম্পিয়ন্স লিগের মত লা লিগাতেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়তে চাই আমরা। দলের সবাই দারুণ ফর্মে আছে। বিশেষভাবে মেসির পারফরমেন্স ছিল চোখ জুড়ানো। এক কথায় অসাধারণ। আর এ ম্যাচেও তার পারফরমেন্স দেখার অপেক্ষায় আছি আমরা। আমাদের লক্ষ্য বড় জয় পাওয়া।’ রায়ো ভ্যালেকানোর বিপক্ষে আগের দুই ম্যাচে বেশ হেসেখেলেই জয় নিশ্চিত করেছে বার্সেলোনা। শেষ মৌসুমে ৫-০ গোলে জয় আর ২০১১-১২ মৌসুমে ৭-০ গোলের জয় এগিয়ে রাখবে বার্সেলোনাকেই। আর ২০০২ থেকে এখন পর্যন্ত ভ্যালেকানোর কাছে একবারও হারতে হয়নি তাদের। তবে রাও ভায়োকানোর বিপক্ষে এ ম্যাচে বেশ সতর্ক বার্সেলোনা বলে জানালেন মার্টিনো। কারণ ম্যাচটি সফরকারী হিসেবেই খেলতে হবে বার্সাকে। তাই মার্টিনো বলেন, ‘আয়াক্সের বিপক্ষে যে পরিকল্পনায় খেলেছে দল, তার চেয়ে ভিন্ন পরিকল্পনায় খেলতে নামবো। কারণ এ ম্যাচটি আমরা প্রতিপক্ষের মাঠে গিয়ে খেলবো। তাই আমাদের সতর্ক থাকতে হবে। নিজেদের মাঠের কন্ডিশনকে কাজে লাগিয়ে তারা ভালো ফুটবল খেলবে।’ এদিকে, প্রথম চার ম্যাচ থেকে এক জয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে রাও ভায়োকানো। তাই তাদের লক্ষ্য লিগে দ্বিতীয় জয়ে স্বাদ পাওয়া। তবে, শেষ তিন ম্যাচে ১২ টি গোল হজম করা দলটার জন্য বার্সেলোনার বিপক্ষে জয় পাওয়া অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতোই ব্যাপার। বার্সেলোনার বিপক্ষে ম্যাচ নিয়ে দলের স্ট্রাইকার আলবার্তো বুইনো বলেন, ‘বার্সেলোনা শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিপক্ষে ভালো ফল পেতে হলে পারফরমেন্সের সেরাটাই দিতে হবে মাঠে। আর এ ম্যাচটি নিজেদের মাঠে হওয়ায় আমরা ভালো সুবিধা পাবো। আর তাই কাজে লাগিয়ে ভালো ফল পেতে চাই। ’ বার্সেলোনার ম্যাচের ঠিক পরদিনই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। আগামীকালের ম্যাচে তাদের প্রতিপক্ষ গেটাফে। লা লিগায় শেষ ম্যাচে ভিলারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় পয়েন্ট খোয়াতে হয়েছে লস ব্ল্যাঙ্কোসদের। চার ম্যাচে তাদের পয়েন্ট ১০। এক নজরে রিয়াল সোসিয়েদাদ মালাগা আলমেরিয়া লেভান্তে রায়ো ভ্যালেকানো বার্সেলোনা রিয়াল ভ্যালাদোলিদ অ্যাটলেটিকো মাদ্রিদ