ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনে ভোটার কার্ড বিতরণে অনিয়মসহ নানা অভিযোগের কথা আবারও বলেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয়তাবাদী পরিষদ। কর্তৃপক্ষের কাছে প্রতিকার চেয়ে ব্যর্থ হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিষদের প্রার্থীরা।
গতকাল শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। ভোটারকার্ড বিতরণসহ অনিয়ম ও একতরফা নির্বাচনের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে বিএনপি-জামায়াত সমর্থিত এ পরিষদ।
গত ১৪ সেপ্টেম্বর ঢাকার বাইরে ২৬ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ঢাকার বাইরের আরো ১৩টি কেন্দ্রে এবং আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে নির্বাচনের বাকি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ৩৪ হাজার ৫৪৫ জন।
পরিষদের প্রার্থীরা অভিযোগ করে বলেন, গত ১৪ সেপ্টেম্বর ঢাকার বাহিরে ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার কার্ড না পাওয়াসহ নানা কারণে প্রায় ৬০ ভাগ রেজিস্টার্ড গ্র্যাজুয়েটস ভোট দিতে পারেননি। আজ ঢাকার বাইরের আরো ১৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। সেই ১৩টি কেন্দ্রের বেশিরভাগ ভোটার কার্ড পাননি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী পরিষদের প্রার্থী আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজ উল্লাহ, হাসান আহমেদ চৌধুরী কিরন, পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক আখতার হোসেন খান, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন, শফিউল বারী বাবু।
