ফটোজার্নালিস্ট এসোসিয়েশন

পল্টনে কার্যালয়ে ঢুকে দুই অফিস সহকারীকে পুলিশের মারধর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৬
রাজধানীর পল্টনে হকার উচ্ছেদের ঘটনায় পুলিশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে প্রবেশ করে দুই অফিস সহকারীকে পিটিয়েছে । তবে পুলিশ বলেছে, এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকার দুই অফিস সহকারী আল আমিন ও সোহেল রানা আহত হয়েছেন। ঘটনার পর পরই ফটোসাংবাদিকরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে প্রতিবাদ জানান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল থেকেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের আশপাশ এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। কারণ জুমার নামাজের পর জামায়াত-শিবির যাতে কোন ধরনের মিছিল করতে না পারে। আর এ জন্য পুলিশ বায়তুল মোকাররম উত্তর গেটে সামনের রাস্তায় পাশে দাঁড়ানো লোকজন ও হকারদের সরিয়ে দেয়। এসময় পুলিশের ধাওয়া খেয়ে বেশ কয়েকজন ঢুকে পড়ে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে। এসময় পুলিশের হামলার শিকার হন দুই অফিস সহকারী। ডিএমপি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, এটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সফিউদ্দিন বিটু বলেন, তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন। তবে তিনি বিষয়টি শুনেছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।