ঢাকায় সার্ক হস্তশিল্প প্রদর্শনী কাল শুরু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৭
সার্ক কালচারাল সেন্টার, শ্রীলংকার সহযোগিতা ও বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সার্ক হস্তশিল্প প্রদর্শনী’। সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে আগামীকাল ২২ থেকে ২৭ সেপ্টেম্বর ছয় দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। সম্মেলনে জানান হয়, বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত আরো ৪টি দেশ ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলংকা এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। বাংলাদেশ থেকে ১৮ জন হস্তশিল্পী/কারুশিল্পী সিরামিক, পাটজাত, জামদানি, কাঁসা-পিতল, টেরাকোটা, বেনারসি, সিল্ক, শোলা, বাঁশ, নকশিকাঁথা, শতরঞ্জি মৃিশল্প ও কাঠ শিল্প নিয়ে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। ভারত থেকে ৮ জন, পাকিস্তান থেকে ১০ জন, শ্রীলংকা থেকে ৬ জন ও ভুটান থেকে ৪ জন হস্তশিল্পী এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। আগামীকাল সকালে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রী প্রধান অতিথি থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন।