আজ থেকে বঙ্গল শিল্পালয়ে বাংলাদেশের শিল্পকলা আন্দোলনের অগ্রণী শিল্পী এসএম সুলতানের ‘অদেখা সুষমা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের আয়োজনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সম্মেলনে অধ্যাপক আবুল কাসেম জোয়ারদার, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ, আনন্দপাঠের সভাপতি রাষ্ট্রদূত আনোয়ারুল আলম এবং বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য রাখেন।
প্রদর্শনীর সকল চিত্রকর্ম যশোহর মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম জোয়ারদারের (১৯১৮) ব্যক্তিগত সংগ্রহের। পঞ্চাশের দশক থেকে আবুল কাসেম জোয়ারদারের সঙ্গে শিল্পী এসএম সুলতানের আমৃত্যু সখ্যের সুবাদেই এই সংগ্রহ। প্রদর্শনীতে মোট ৮৬টি চিত্রকর্ম স্থান পাচ্ছে। প্রদর্শনীর এই চিত্রগুচ্ছ রেখাভিত্তিক।
সন্ধ্যা ৬টায় বেঙ্গল শিল্পালয়ে প্রধান অতিথি থেকে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শিল্পকর্ম সংগ্রাহক রোকেয়া কাদের, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ। প্রদর্শনী আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
