ঈদ উপলক্ষে নয় দিন শেয়ারবাজার বন্ধ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪৫
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১১ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার বিকেলে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিএসইর পরিচালনা পর্ষদ ঈদ-উল-আযহা, দুর্গাপূজা এবং বিশেষ সরকারি ছুটি উপলক্ষে নয় দিন লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসইর ৭৫২তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০ অক্টোবর থেকে ডিএসইতে নির্ধারিত সময় অনুযায়ী লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম শুরু হবে। ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঈদের সময় বেশিরভাগ সময়ই বিনিয়োগকারীরা গ্রামে যাওয়ার প্রবণতায় থাকেন। ফলে এ সময় শেয়ারবাজারে দীর্ঘ ছুটি দেয়াই উচিত। এতে বাজারে লেনদেন ও সূচকে ছুটি সংক্রান্ত প্রভাব পড়বে না। এজন্য প্রতিবছরই ডিএসই ও সিএসই ঈদকে কেন্দ্র করে লম্বা ছুটি দিয়ে থাকে।