বিনা পারিশ্রমিকে জাহিদ হাসান!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৫
অভিনয় গুণে দেশের শীর্ষ তারকার কাতারে বহু আগেই পৌঁছে গেছেন জাহিদ হাসান। এখন আবার তিনি মাঝে মাঝে পরিচালনাও করছেন। তবে, অভিনয়টা আগের থেকে খানিকটা কমিয়েছেন শুধুমাত্র নাটকের মান ধরে রাখার জন্যই। সম্প্রতি শামীম ফেরদৌসের রচনা এবং জিএম সৈকতের পরিচালনায় ‘একটি মৃত্যুর গল্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে। তবে এই নাটকে অভিনয় করতে গিয়ে জাহিদ হাসান এক ভিন্ন উদারতা দেখিয়েছেন। নাটকটির অন্যতম অভিনেতা ডিএ তায়েব বলেন, ‘জাহিদ ভাই আমাদের খুব কাছের মানুষ। অনেক গুণী অভিনেতা। গেল সপ্তাহে তিনি একটি নাটকে অভিনয় করেছেন, আমিও সেই নাটকে অভিনয় করেছি। মূলত এটি আমারই প্রোডাকশন হাউজের নাটক। অনেক যত্নসহকারে গুরুত্ব দিয়ে এই নাটকে অভিনয় করেছেন তিনি, কিন্তু বিনা পারিশ্রমিকে। এমনটা কথা ছিল না, কিন্তু যখনই পরিচালক তাকে পারিশ্রমিক দিতে গেলেন, তিনি নিতেই চাইলেন না। তিনি বললেন, ‘আমরা তো বন্ধু। বন্ধুত্বের মধ্যে ব্যবসা কম থাকাই ভালো। বরং তায়েব ভাই, আপনি পরবর্তীতে আমার একটি প্রোডাকশনে কাজ করে দিবেন। আপনি চাইলেও ওই প্রোডাকশনে পারিশ্রমিক দেব না।’ এখনকার সময়ে তো তারকাদের প্রয়োজনের অধিক পেমেন্ট দিয়েও মনমতো কাজ আদায় করা যায় না। সেখানে এত গুণী একজন অভিনেতার এই উদার চরিত্র আমাকে অনেক বেশি অবাক করেছে।’