আন্তর্জাতিক অঙ্গনে রূপসজ্জা কারিগর মনির

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৫৬
এ দেশে খুব অল্প ক’জনই সেলিব্রেটি মেকআপম্যান হিসেবে খ্যাতি পেয়েছেন। তাদের মধ্যে মনির হোসেন অন্যতম। দেশের প্রায় শীর্ষ সব তারকার মেকআপই তিনি করেছেন। তার এই মেকআপ ক্যারিয়ারের অভিজ্ঞতাও বিশাল। এবার তিনি দেশের গণ্ডি ছাড়িয়ে পা বাড়িয়েছেন আন্তর্জাতিক শোবিজ অঙ্গনেও। বেশ কিছুদিন আগে তিনি বলিউডের ব্যবসা সফল ও আলোচিত ছবি ‘ওহ মাই গড’-এর চিফ মেকআপ ম্যান হিসেবেও কাজ করেছেন। সেই কাজের সুবাদে অক্ষয় কুমারসহ পুরো চলচ্চিত্র ইউনিটের সঙ্গে সখ্যতাও বেড়েছে তার। তাই এখন থেকে বোধহয় নিয়মিতই তিনি বলিউডের চলচ্চিত্রের চিফ মেকআপ ম্যান হিসেবে কাজ করবেন। তিনি জানান, বলিউডের আরও বেশ কিছু চলচ্চিত্রে কাজের বিষয়ে কথা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো অল্প কয়েকদিনের মধ্যে আবারও দেশের বাইরে সফর দিতে হবে এই উদ্দেশ্যেই। এ ছাড়া এই মুহূর্তে দেশের মধ্যে বেশ কিছু বড় প্রোডাকশনের কাজ করছেন। তার মধ্যে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের কাজ করছেন। এ ছাড়া আপন জুয়েলার্স, এশিয়ান টেক্সটাইল, এসএমসি ওরস্যালাইন, চাকা ওয়াশিং পাউডার, প্রাণের বিজ্ঞাপনের কাজও করছেন। খুব শীঘ্রই এ দেশের বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্তের চলচ্চিত্রেও কাজ করতে যাচ্ছেন তিনি।