পরমাণু প্রকল্পে ইরানের সঙ্গে আলোচনা চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২০:৪৫
ইরানের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে আলোচনা করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের সহকারী মুখপাত্র যোশ আর্নেস্ট এ কথা জানিয়েছেন। ওইদিন সকালে বারাক ওবামা মিসৌরি যাওয়ার পথে প্রেসিডেন্টের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সফরসঙ্গী সাংবাদিকদের আর্নেস্ট এ কথা বলেছেন। তিনি বলেন, ইরানিদের সঙ্গে অনেকগুলো বিষয়ে আমরা সংযুক্ত আছি, আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দেশটির সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যেতে চাই। আর ওই আলোচনার মধ্যদিয়ে ইরানিরা তাদের আন্তরিকতার বিষয়টি তুলে ধরার সুযোগ পেতে পারে যার চেষ্টা করে আসছে তারা, বলেন তিনি। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। একই উদ্দেশ্যে প্রেসিডেন্ট ওবামাও ওই সময় নিউইয়র্ক অবস্থান করবেন। ওই সময় দুই নেতার মধ্যে সাক্ষাত্ হওয়া সম্ভব বলে জানিয়েছে হোয়াইট হাউস। আর্নেস্ট জানিয়েছেন, ওবামা ও রুহানির মধ্যে পূর্ব নির্ধারিত কোনো বৈঠকের কর্মসূচি নেই, কিন্তু রুহানির বিভিন্ন মন্তব্যে হোয়াইট হাউসের ধারণা হয়েছে যে, তিনি এমন একজন নেতা যার সঙ্গে সম্পর্ক করা যায়। পশ্চিমা শক্তিগুলোর ধারণা ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, কিন্তু নিজেদের পরমাণু কর্মসূচিকে বৈদ্যুত্ তৈরির মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, তার দেশ সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। সিরিয়ার সঙ্গে গঠনমূলক আলোচনা করতে ইরানকে নিযুক্ত করার জন্য বৃহস্পতিবার তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে রুহানির একটি মতামত প্রকাশ করা হয়। তিনি লেখেন,“আমি ঘোষণা করছি সিরিয়ার সরকার ও বিরোধীদের সঙ্গে সহজতর আলোচনার জন্য আমার সরকার প্রস্তুত।” সন্ত্রাস, চরমপন্থা, সাইবার ক্রাইমসহ অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলার জাতিসংঘের নির্দয় শক্তি প্রয়োগ না করে সমঝোতার পথ খোঁজা প্রয়োজন বলেও মত প্রকাশ করেন রুহানি। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণ তাদের নিজেদের হাতেই ছেড়ে দেয়া উচিত বলে মনে করেন তিনি। সিরিয়ায় বাশার আল আসাদ সরকার ও বিরোধীদের মধ্যে প্রায় আড়াই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আসাদ সরকারকে সমর্থনকারী ইরান অঘোষিতভাবে তাদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সাহায্য করছে।