স্যার অ্যালেক্স ফার্গুসন যুগের অবসানের পর আজ রবিবার প্রথমবারের মতো নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। এককালের ক্ষীণ শক্তির সিটি গত কয়েক বছর ধরেই ইউনাইটেডের লিগ শিরোপার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী। পয়েন্ট টেবিলে প্রায় সমতায় থাকা দু’দলের জন্যই ১৬৬তম ‘ডার্বি’ ম্যাচটিকে ভাবা হচ্ছে এগিয়ে যাওয়ারও লড়াই হিসেবেও।
ম্যানচেস্টার ইউনাইটেডে ফার্গুসনের ২৭ বছরের যুগের অবসানের পর এখন কোচ ডেভিড ময়েসের অধীনে ডার্বি ম্যাচ খেলতে নামছে রেড ডেভিলসরা। মাঝের বছরগুলোয় দু’দল মুখোমুখি হয়েছে ৪৭ বার। লড়াইয়ের ক্ষেত্র আর দু’দলের অবস্থা পাল্টেছে। মাঝের বছরগুলোয় ক্লাবের প্রায় বিজ্ঞাপনে পরিণত হওয়া ফার্গুসন আজ থাকছেন না মাঠের পাশে। এই বিষয়টিই কিছুটা হলেও ভিন্ন মাত্রা যোগ করছে এ লড়াইয়ে। মাঠে না থাকলেও অদৃশ্যভাবে উপস্থিত থাকবেন এই স্কটিশ।
শুধু ময়েসই নন, ম্যানচেস্টার সিটির কোচ পদেও এসেছে পরিবর্তন। ইতালিয়ান রবার্তো মানচিনিকে বদলে সিটি দায়িত্ব তুলে দিয়েছে প্রিমিয়ার লিগে আনকোরা চিলির ম্যানুয়েল পেলিগ্রিনির হাতে। তাই দু’জনের জন্যই এটা প্রথম ম্যানচেস্টার ডার্বি। লড়াইটা তাই আজ দুই কোচের মধ্যেও।
চলতি মৌসুমে দলের দায়িত্ব নিলেও এরই মধ্যে উত্তাপ টের পাচ্ছেন পেলিগ্রিনি। সিটির এই কোচ বললেন তেমনটাই, ‘এই ডার্বি ম্যাচের গুরুত্ব বুঝতে আমার এখানে আসার প্রয়োজন ছিল না। তবে গত কিছুদিন এখানে থাকা এবং কাজ করার সুবাদে আমি বুঝতে পারছি এটি সত্যি সত্যিই বিশেষ কিছু।’
তবে আজকের লড়াইটাই যে শেষ নয়, সাবেক মালাগা কোচ বুঝতে পারছেন সেটাও, ‘প্রিমিয়ার লিগে প্রতিটি ম্যাচই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ। হতে পারে ডার্বি ম্যাচটি অন্যগুলোর তুলনায় অনেক দিক থেকেই আলাদা, তবে আমাকে বলতেই হবে এরকম গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা আগেও খেলেছি।’
শিরোপাধারী ইউনাইটেডের চেয়ে গত মৌসুমে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ শেষ করা সিটি এবার লিগ শিরোপা পুনরুদ্ধার করতে পারবে বলেই বিশ্বাস পেলিগ্রিনির। খেলোয়াড়দের মানসিক সক্ষমতাই ৬০ বছর বয়সী এই কোচকে এমনটা ভাবতে অনুপ্রাণিত করছে, ‘অতীতে কি হয়েছে সেটা আমার ভাবার বিষয় নয়। তবে এই মুহূর্তে আমরা মানসিকভাবে যথেষ্টই শক্তিশালী। আর সেটা যদি ইউনাইটেডের চেয়ে বেশি নাও হয় তবে কমও নয়।’
এদিকে ওয়েইন রুনি ম্যানচেস্টার শহরের ক্লাব দুটির লড়াইকে মোটেও মৌসুমের সবচেয়ে বড় বলে মানতে রাজি নন। মাত্র দিন দুয়েক আগেই ফার্গুসনের প্রশংসায় সিক্ত রুনি বলেন, ‘যদিও সাম্প্রতিককালে সিটি বেশ কিছু সাফল্য পেয়েছে। তবে আমার মনে হয় ইউনাইটেড আর লিভারপুল ম্যাচই এখনো সেরা। কোন সন্দেহ নেই বহু বছর ধরেই এই দুই দলের ম্যাচ উত্তেজনা ছড়িয়ে আসছে।’
