ফ্রিডম গোল্ডকাপ ফুটবল শুরু
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে গতকাল শনিবার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার পার্শ্ববর্তী শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া ফ্রিডম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বেষ্ট অব দিলদার মার্কেট ২-০ গোলে কোম্পানীগঞ্জ সকার ক্লাবকে পরাজিত করে। জয়ী দলের কিরণ ও অপু গোল করেন। এদিকে আজকের খেলায় অংশ নিবে জিরগাজী স্পোটিং ক্লাব ও বন্ধন স্পোটিং ক্লাব সাদেকপুর। টুর্নামেন্টে মোট ২০ দল অংশ নিচ্ছে।
এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী-৩ আসনের এমপি বরকত উল¬্যা বুলু। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সফিকুর রহমান সবুজ, শিবপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল¬্যাহ আল মামুন, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্ট্রি বাবু কামাক্ষা চন্দ্র দাস, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মমিন উল্য¬া, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক ছেরাজ, শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, টুর্নামেন্টের সাধারণ সম্পাদক খালেদ সাইফল্যাহ সোহেল প্রমুখ।
নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল রায়পুরা উপজেলা সেমিফাইনালে
নরসিংদী প্রতিনিধি
রায়পুরা উপজেলা দল নরসিংদীর মোছলেহ উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠানরত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় কোয়াটার ফাইনালে ২-১ গোলে মৌলভীবাজার জেলা দলকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত খেলাটিতে প্রথমার্ধে কেস্টর গোলে এগিয়ে বিজয়ীরা। এরপর ব্যবধান দ্বিগুণ হয় বিপক্ষের আত্মঘাতী গোলে।
আজ রবিবার তৃতীয় কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে শিবপুর উপজেলা ও গাজীপুর জেলা দল।
আন্ত:কলেজ ফুটবল চ্যাম্পিয়ন নরসিংদী বিজ্ঞান কলেজ
শনিবার উচ্চ মাধ্যমিক বোর্ড আয়োজিত আন্তঃকলেজ ফুটবলে নরসিংদী বিজ্ঞান কলেজ ১-০ গোলে মনোহরদী ডিগ্রী কলেজকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। এ জয়ে নরসিংদী বিজ্ঞান কলেজ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেল। পলাশ ইউরিয়া সারকারখানা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় খেলাটি।
বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশন রাসেল সভাপতি ফখরুল সম্পাদক
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচনে রাসেল আহমদ সভাপতি ও ফখরুল আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহসভাপতি ও সহসাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে রাগিব আলি ও একেএম তুহেম। স্থানীয় আল-হেরা শপিং সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত এসোসিয়েশনের চারটি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার ছিলেন ৯০ জন।
