আরবিট্রেশন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সংলাপ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
আরবিট্রেশন বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) গতকাল শনিবার একটি সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় রূপসী বাংলা হোটেলের বকুল কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জল ইসলাম, সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, সাবেক এটর্নী জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও প্রধান নির্বাহী ড: তৌফিক আলী, প্রকাশক মহিউদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বব্যাপী বিভিন্ন বিকল্প পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। তন্মধ্যে আরবিট্রেশন বা সালিশ পদ্ধতি অন্যতম। আমাদের আদালতসমূহে ২৪ লাখ মামলা বিচারাধীন। মামলা জট বিদেশিদের এ দেশে ব্যবসা বা বিনিয়োগে নিরুত্সাহিত করে। তারা বলেন, প্রতিশ্রুতিশীল ব্যবসায়ীগণ ও আমাদের আদালত-ভিত্তিক বিরোধ নিষ্পত্তি পদ্ধতিকে বড় প্রতিবন্ধক বিবেচনা করছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও এ বিষয়ে বিশ্বের উত্তম উদাহরণসমূহ সম্পর্কে ওয়াকিবহাল পেশাজীবী শ্রেণী গড়ে তোলা স্থানীয় ও বিদেশি ব্যবসায়ীদের মধ্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি সম্পর্কে আস্থাশীল করায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে চব্বিশ জন প্রশিক্ষণার্থীর মধ্য হতে পাঁচজন “আরবিট্রেশনকে হ্যাঁ বলুন” শিরোনামে পাঁচটি নির্বাচিত নিবন্ধ উপস্থাপন করেন। প্রসঙ্গত বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ওয়াশিংটন ডিসিস্থ ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউটের (আইএলআই) সাথে যৌথভাবে আরবিট্রেশন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। -প্রেস বিজ্ঞপ্তি