কামরাঙ্গীরচরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু নিখোঁজ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৫
রাজধানীর কামরাঙ্গীর চরের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে কামরাঙ্গীর চরের রসুলপুর প্রধান সড়কের রনি মার্কেট সংলগ্ন কাঠপট্টি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ৪০টি ঘর ও ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে ১ শিশু নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বস্তির একটি ঘরের মালিক ফজলুল হোসেনের টিনের ঘর থেকে প্রথমে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। সেটাকে কেউ আমলে না নেয়ায় কিছুক্ষণের মধ্যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। প্রায় সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে পলাশী ফায়ার স্টেশন ইনচার্জ ও সিনিয়র অ্যাসিসট্যান্ট অফিসার এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ারকর্মীরা ৬টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসময়ের মধ্যে বস্তির অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। এছাড়া আমরা শুনেছি, একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকে খোঁজা হচ্ছে। এদিকে রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বংশালের ১১/১২ নম্বর বাড়ির চতুর্থ তলায় শনিবার সকালে ‘এসপি লেদার’ জুতার কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারখানার মালিক ইউসুফ জানান, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপর দিকে গতকাল বিকালে মগবাজারের রোকেয়া ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাতের ২৫ মিনিট পর তা নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ অগ্নিকাণ্ডে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের রমনা জোনের স্টেশন অফিসার জহিরুল হক জানান, আগুন লাগার পর ভবনের বাসিন্দাদের আগুন নেভানোর চেষ্টার কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা খুব সহজে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি জানান, ভবনের অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো ছিল। ভবনের ১৭ তলায় থাকা ডাস্ট ক্লিনারের সঙ্গে বিদ্যুতের সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।