আগামী অক্টোবর মাসে জাতীয় হস্ত ও কারুশিল্প নীতিমালা চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, গ্রামীণ নারী কারুশিল্পী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিল্প দক্ষতা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে আমদানি বিকল্প পণ্য উত্পাদনের সক্ষমতা বাড়াতে এ নীতিমালা তৈরি করা হচ্ছে। এর আওতায় কারুশিল্পীদের আর্থিক ও রাজস্ব প্রণোদনা প্রদানের পাশাপাশি উত্পাদিত পণ্য বিপণনে সহায়তা ও দক্ষতা উন্নয়নধর্মী প্রশিক্ষণ দেয়া হবে।
খসড়া জাতীয় হস্ত ও কারুশিল্প নীতিমালার ওপর আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে গতকাল রবিবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, অতিরিক্ত সচিব জিএম জয়নাল আবেদীন ভুঁইয়াসহ সংস্কৃতি, বস্ত্র ও পাট, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিসিক, বিনিয়োগ বোর্ড, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, নাসিব, বাংলাক্রাফ্টসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ খসড়া চূড়ান্ত করার জন্য শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিএম জয়নাল আবেদীন ভুঁইয়ার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকলের মতামত সন্নিবেশ করে খসড়া চূড়ান্ত করতে এ কমিটিকে নির্দেশনা দেয়া হয়।
