পারিবারিক সম্পর্ক, প্রেম, জীবনের নানা রকম টানাপোড়েন, প্রিয়জনের ভালোবাসার স্পর্শসহ সামাজিক জীবনের নানা অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘চোরকাঁটা’। আজ থেকে আরটিভিতে নাটকটি প্রচার শুরু হবে। পান্থ শাহিরয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অম্লান বিশ্বাস। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রাইসুল ইসলাম আসাদ, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, নাদিয়া, শতাব্দী ওয়াদুদ, বিজরী বরকতউল্লাহ, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, খায়রুল আনাম সবুজ প্রমুখ। নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহের সোম থেকে বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে। নাটকের কাহিনীতে দেখা যাবে—ঠিক মধ্য ঢাকায় নয়। ঢাকার পাশে একটা দশ কাঠার প্লট পেয়েছিল ওরা দুই ভাই মইনুল আর সাইদুল মিলে। তাদের যৌবন বয়সে এখানে কিছু করতে না পারলেও এখন এসে এই জমিটার উপর একটা তিনতলা বাড়ি তৈরি করতে পেরেছেন। তবে শর্ত ছিল একটাই যে পুরো পরিবার এক সাথে এক পরিবার হয়ে থাকতে হবে। তাছাড়া ওদের বাবা-মা এখনও বেঁচে আছেন।
