এ সময়ের আলোচিত ভিডিও নির্মাতা সৈয়দ আলী আহসান লিটন মিউজিক ভিডিও নির্মাণ নিয়ে ব্যাপক ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূলত স্বল্প বাজেটে মিউজিক ভিডিও নির্মাণ করে নিয়মিত তা টিভি স্লটে প্রচার করে আসছেন তিনি দীর্ঘদিন যাবত। বর্তমানে তিনি ৪টি চ্যানেলে মিউজিক্যাল অনুষ্ঠান নির্মাণ করছেন। একইসাথে নিয়মিত মিউজিক ভিডিও প্রচার করে তা শ্রোতা-দর্শকদের সাথে গানের সখ্যতা গড়ে তুলেছেন। বর্তমানে আরটিভি, বিজয় টিভি, গাজী টিভি ও এশিয়ান টিভিতে তার পরিচালনায় এই ধারার অনুষ্ঠান প্রচার হচ্ছে নিয়মিতভাবে।
তবে বর্তমানে নিয়মিত মিউজিক ভিডিওর পাশাপাশি ব্যয়বহুল ও এক্সক্লুসিভ ভিডিও নির্মাণ করছেন তিনি। সম্প্রতি কক্সবাজার, টেকনাফের বিভিন্ন লোকেশনে একাধিক তারকা শিল্পীদের ভিডিও তৈরি করে এলেন। খুব শিগগিরই এই ভিডিওগুলো প্রচার হবে। এ ছাড়া আগামী ২৫ সেপ্টেম্বর এ নির্মাতা আবারও কক্সবাজারে যাচ্ছেন গানের শুটিংয়ে। এবার তিনি শুট করছেন কণ্ঠশিল্পী আসিফ আকবরের একটি ব্যয়বহুল মিউজিক ভিডিও। ব্যয়বহুল এ ভিডিও তৈরির জন্য পঞ্চাশ সদস্যের শুটিং টিমের নেতৃত্ব দিচ্ছেন তিনি। কক্সবাজার ও টেকনাফের দৃষ্টি জুড়ানো স্পটে গান দু’টির ভিডিও ধারণ করা হবে।
নিজের মিউজিক ভিডিও নির্মাণ প্রসঙ্গে বলেন, ‘আজ থেকে প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে আমি এই মিউজিক ভিডিও ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছি। আমার আর্কাইভে প্রায় কয়েক হাজার গান রয়েছে তা দিয়ে অন্তত একটি মিউজিক্যাল চ্যানেল অনায়াসেই সম্প্রচার সম্ভব। তবে আমি সবকিছুতেই সময় নিয়েই এগোতে চাই। এখনকার তরুণ নির্মাতাদের সাধুবাদ। তবে এদের অনেকেই অযথা ব্যয় বাড়িয়ে নিত্যনতুন শিল্পীদের মাথায় কাঁঠাল ভাঙছেন। এর ক্ষতিকর প্রভাব আমাদেরকে পোহাতে হয়।’
