এ বছর অস্কারের জন্য বাংলাদেশি ছবি পাঠানোর তালিকা চূড়ান্ত

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৬
৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতায় বাংলাদেশের পাঠানোর তালিকা চূড়ান্ত হলো। প্রতিবছরের মতো এবারও একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। এ লক্ষ্যে ছবি বাছাইয়ের জন্য ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমেই গত ১৮ সেন্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ সময়। এ বছর বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ছবিয়াল প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ এবং স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনস প্রযোজিত রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’। গত ২০ সেপ্টেম্বর উল্লিখিত দুইটি ছবি দেখে বাছাই কমিটি ৮৬তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবিয়াল প্রযোজিত মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রটিকে মনোনীত করেছে। কমিটির সদস্যরা হলেন অধ্যাপক আব্দুস সেলিম, শহীদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম চৌধুরী, আবু মুসা দেবু, রেজা লতিফ, শাকিব খান, শামিম আক্তার এবং রোকেয়া প্রাচী।