রাজনৈতিক প্রতিহিংসা থেকে মানবতাবিরোধী অপরাধের বিচার হচ্ছে না

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:১৯
বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে তা কোনো রাজনৈতিক প্রতিহিংসা থেকে হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল-জাজিরায় প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে (সদ্যপ্রয়াত) দেয়া এক সাক্ষাত্কারে একথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ’৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। পাকিস্তানি সেনা কর্মকর্তাদের সঙ্গে একাজে সহযোগিতা করেছিল এ দেশীয় দোসর। বিশেষত এ কাজে যেসব বাঙালি সহায়তা করেছিল তাদের বিচার হওয়া উচিত। শেখ হাসিনা বলেন, আপনি হয়ত শুনে থাকবেন যে রাজনৈতিক প্রতিহিংসার বশে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, এটা সত্য নয়। মুক্তিযুদ্ধে যারা স্বজন হারিয়েছে এ বিচার তাদের দাবি। এ বিচার জনগণের কাছে আমাদের অঙ্গীকার। এই বিচার না হওয়া জাতির জন্য অভিশাপ। সাক্ষাত্কারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন তার বড় মেয়ে শেখ হাসিনা। ডেভিড ফ্রস্ট স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের কাজ করতে এই বছর বাংলাদেশ সফরে এসে তার এই সাক্ষাত্কার নেন। ডেভিড ফ্রস্ট গত ৩১ আগস্ট মারা গেছেন। আগেই প্রামাণ্যচিত্রের কাজ শেষ করেন তিনি। আল-জাজিরা ‘দ্য ফ্রস্ট ইন্টারভিউ’ নামে তার বেশকিছু সাক্ষাত্কার প্রচার করছে। এর অংশ হিসেবে গত শুক্রবার রাতে আল-জাজিরা এই সাক্ষাত্কার প্রচার করেছে।