নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:২২
বাংলাদেশ মহিলা পরিষদের সাংবাদিক সম্মেলনে বক্তারা নারীর ক্ষমতায়ন বৃদ্ধির জন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি বলে মত প্রকাশ করেন। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি, সরাসরি নির্বাচন, নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণ-এর মাধ্যমে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির দাবি করেছেন। সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আয়শা খানম। মূল বক্তব্য উপস্থাপন করেন আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী। উপস্থাপিত বক্তব্যে বলা হয়, ইতিমধ্যে পর্যায়ক্রমে ১৯৯৭ সাল থেকে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন ব্যবস্থা চালু হয়েছে। কিন্তু জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের বিষয়টি এবারও উপেক্ষিত হয়েছে, যা দুঃখজনক।