পশ্চিমবঙ্গের টলিউডের এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র তারকা তাপস পাল, শতাব্দি রায়রা অভিনয় জীবনে দারুণ কদর পেয়েছেন প্রোডিউসার, ডিরেক্টর কিংবা দর্শকদের কাছ থেকে। তারা রাজনৈতিক দলে নাম লেখানোর পর ভেবেছিলেন একই রকম কদর পাবেন। কিন্তু মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে ঢোকার পর দেখতে পান পরিস্থিতি অনেকটা উল্টো। তাই তাদের অনেকে দলে যোগ্য সম্মান না পেয়ে বিদ্রোহী হয়ে উঠেছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তাপস পাল,শতাব্দী রায়রা বললেন, যারা তৃণমূল তৈরি করেছেন,দলে তাদের সম্মান নেই। যারা তৈল মর্দন করে না তাদের অবহেলা করা হয়। দলের এমপি-বিধায়কদের এমন মন্তব্যে অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের। বিব্রত হয়েছেন মমতা ব্যানার্জি। তৃণমূল নেতা সোমেন মিত্রকে সামনে রেখেই দলের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন শতাব্দী রায়, কুণাল ঘোষসহ অন্যান্যরা। তারা অভিযোগ করেন, দলে বেশি অবদান রাখলেও সম্মান পাচ্ছেন না। তবে সাবেক নায়ক-নায়িকাদের এত ‘স্পর্ধা’ মেনে নিতে রাজি হননি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তিনি তাদের শক্ত ভাষায় শোকজ লেটার পাঠিয়েছেন কেন দলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলেছেন তার ব্যাখ্যা দেয়ার জন্য। মমতা বলেছেন, সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
