ড্রোন হামলা

জাতিসংঘের দারস্থ পাকিস্তান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৩
আদিবাসী অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্রের অবিরাম চালক বিহীন বিমান (ড্রোন) হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নালিশ করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার ড্রোন হামলা নিয়ে অভিযোগ করে পাকিস্তান এ হামলা বন্ধ করা এবং ‘জরুরি’ আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানের আহ্বান জানায়। ‘দ্য ডন’ এর খবরে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাসুদ খান আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এক আলোচনার সময় ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে চালক বিহীন বিমান হামলার প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার মধ্য দিয়ে আমাদের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘিত হচ্ছে। এতে করে পাকিস্তানে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হচ্ছে। তাছাড়া এতে সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়েরও মোড় ঘুরে যাচ্ছে।’ মাসুদ আরো বলেন, ‘আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান সব ধরনের সহযোগিতা ও সমর্থন দিয়ে আসছে। কিন্তু এ প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি তখনই আসবে যখন সব পক্ষ শান্তি প্রক্রিয়ার লক্ষ্য অর্জনে একাট্টা হবে।’ ঐক্যবদ্ধভাবেই লক্ষ্য অর্জন এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন সশস্ত্র ড্রোন হামলার বিরূপ পরিণতির দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছেন জানিয়ে মাসুদ বলেন, ‘আমরা এ হামলা বন্ধের আহ্বান জানাই। তাছাড়া জরুরি এবং নিবিড় আলোচনার মধ্য দিয়ে এ সমস্যা সমাধান করা যেতে পারে।’ একই ইস্যুতে জাতিসংঘ মানবাধিকার পরিষদে কথা বলেছেন জাতিসংঘের জেনেভা দপ্তরে নিয়োজিত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি জমির আকরাম। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রাথমিক লক্ষ্য হচ্ছে পাকিস্তান। এতে বিপুল সংখ্যক নিরীহ মানুষের জীবনহানি হচ্ছে।’ এ কারণে ড্রোন হামলা বন্ধের দাবি জানান জমিরও।