ঠাকুরগাঁও, পরশুরাম, মাদারগঞ্জ, সীতাকু্লসহ দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে, বিদ্যুত্স্পৃষ্টে, আত্মহতাসহ পৃথক ঘটনায় ১৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।-খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ঠাকুরগাঁও
অজ্ঞান পার্টির খপ্পরে পরে আমানত শাহ (৬২) নামে এক গরু ব্যবসায়ি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মারা গেছেন। সে হরণা গ্রামের ফজর আলীর ছেলে। জানা যায়, গত শুক্রবার চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওগামী একটি বাসে আসছিলেন। পথিমধ্যে রাতে ফেনীর একটি হোটেলে খাবার খেয়ে গাড়িতে ওঠার পর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে গাড়ীর লোকজন তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বরিবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। ঠাকুরগাঁও থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এদিকে সদর উপজেলা দক্ষিণ বঠিনা এলাকায় গতকাল রবিবার সকালে ইটভাটার ওয়াল চাপায় সুদেব রায় (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে আখানগর উত্তর বোয়ালিয়া গ্রামের মুকু রায়ের ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলা দক্ষিণ বঠিনায় এসকে ব্রিকস্ নামে ইটভাটায় কাজ করার সময় ভাটার ওয়াল ভেঙ্গে সুদেবের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
পরশুরাম (ফেনী)
ফেনীর সোনাগাজীতে গত শনিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে জয়নাল আবদীন (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং অপর ২ জন আহত হয়েছে। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জয়নাল আবদীন সপ্তাহখানেক আগে ইটালী থেকে দেশে আসেন। বাড়িতে নির্মাণ কাজ করার সময় বিদ্যুতের তারে মিস্ত্রী আবদুল হালিম ও রহিম উল্লা আহত হন এবং জয়নাল আবদীন মারা যান।
মাদারগঞ্জ (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মোসলেমাবাদ আইগেনী পাড়ায় গত শনিবার সকালে জমি নিয়ে সংঘর্ষে মিন্টু (৩৫) নামে এক কৃষক নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত শুকুর মাহমুদ, ওরফান, আসমা, লালমিয়া ও কাজিমউদ্দিনকে মাদারগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফজল মিয়ার সাথে শুকুর মাহমুদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। মিন্টুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
বাগেরহাট ও চিতলমারী
বাগেরহাটের মোল¬াহাট উপজেলার জয়ডিহি এলাকায় গত শনিবার দুপুরে সাঈদ শেখ (২৫) নামে একজন খুন হয়েছে। সে মাল¬াহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামের বেলায়েত শেখের ছেলে। সে মোল¬াহাট উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে গাংনিতে যাওয়ার সময় জয়ডিহিতে ফকরু বাহিনীর সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করলে ফকরু ও তার বাহিনীর সদস্যরা অটো বাইক চালককে টেনেহিঁচড়ে নামিয়ে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পথচারীরা তাকে উদ্ধার করে মোল¬াহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাগেরহাটের ফকিরহাটে গতকাল রবিবার পানিতে ডুবে লিপি খাতুন (৪৫) নামে এক মহিলা মারা গেছেন। সে সাতবাড়িয়া গ্রামের আশ্বাব আলীর মেয়ে। নিহতের পরিবার জানায়, লিপি খাতুন মৃগী রোগে আক্রান্ত ছিল।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে পুকুরে ডুবে শাহরুখ খান মুন্না (১৬) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে মুরাদপুর ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গেলে পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় লোকজন মুন্নাকে পুকুর থেকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
ইসলামপুর (জামালপুর)
উপজেলার গুঠাইল গ্রামে গত শনিবার বিদ্যুত্স্পৃষ্টে আছাদুজ্জামানের ছেলে আঃ হামিদ (১৮) নামে এক ব্যক্তি মারা গেছে। বৈদ্যুতিক সরঞ্জামের কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারে ভৈরবদী গ্রামে গতকাল রবিবার দুপুরে আজিজুল ইসলাম (১৯) নামে একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে আঃ মতিনের ছেলে। আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, আজিজুল সকলের অজান্তে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুরের হোগলডাঙ্গা গ্রামে গত রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে আব্দুর গফুর মোল্লার পুত্র মনিরুল ইসলাম (২৫) নামে একজন মারা গেছেন। পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে বলে দেয়া হয়েছিল শুক্রবার থেকে রবিবার বেলা ১১টা পর্যন্ত বিদ্যুত্ সরবরাহ বন্ধ থাকবে। তাই মনিরুল রবিবার সকালে নিজ বাসায় মেইন সুইচ বন্ধ না করে কাজ করছিল। নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যুত্ এসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল (ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের দশালিয়া এলাকায় গত শনিবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে তাবারক হোসেন (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়। জানা যায়, সে দীর্ঘদিন তার সেচের বিদ্যুতের লাইন থেকে ইজিবাইক ও অটোরিকশার চার্জের ব্যবসা করে আসছিল। ঐ অটোরিকশার চার্জ দিতে গিয়ে ত্রুটিপূর্ণ বিদ্যুতের লাইনে জড়িয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
পূর্বধলা (নেত্রকোনা)
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল রবিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে সুবর্ণা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। সে বেড়াইল গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। জানা যায়, সে স্কুল থেকে বাড়ি ফিরে দুষ্টুমির সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ডোমার (নীলফামারী)
নীলফামারীর ডোমার উপজেলায় গত শনিবার স্বামীর সাথে অভিমান করে আনোয়ারা বেগম (১৯) এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
শিবচর (মাদারীপুর)
শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামে গতকাল রবিবার সকালে ময়নাকাটা নদীতে ডুবে নূরুল ইসলামের মেয়ে মিথিলা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
