তথ্য ও প্রযুক্তির সফল প্রয়োগের মাধ্যমে দেশের সকল পর্যায়ের মানুষের কাছে সহজে-সুলভে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের টেলিমেডিসিন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষ বিশেষজ্ঞ চিকিত্সকদের সাথে সরাসারি কথা বলে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবে। সম্প্রতি রাজধানীর বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) কনফারেন্স কক্ষে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশফাক হুসেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)’র সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মুবিন খান, আয়েশা মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. প্রীতি চক্রবর্তী প্রমুখ। টেলিমেডিসিন কার্ড ও একটি ডিভাইস ব্যবহার করে এ সেবা পাওয়া যাবে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের চিকিত্সকের সাথে কথা বলা যাবে। এতে করে বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে টেলিমেডিসিন সেন্টার স্থাপন করা হবে। এতে করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। সভায় আইসিটি মন্ত্রণালয়, বিসিসি, গ্রামীণ ফোন, রবি, টেলকোসহ বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
