সাইকেলেও ব্ল্যাকবক্স
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেড্রিক বোস বাইকে স্থাপন করার জন্য তৈরি করেছে রিডি নামের একটি ভিডিও ক্যামেরাসমৃদ্ধ যন্ত্র। ডিভাইসটি বাইসাইকেল বা মোটর সাইকেলের পেছনে যুক্ত করে রাস্তার অবস্থা রেকর্ড করা যাবে। এতে অন্যকোনো গাড়ি বাইককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে গেলে, তাকে শনাক্ত করাও সম্ভব হবে। রিডি ক্যামেরা একবার চার্জ করলে টানা ২৪ ঘণ্টা রেকর্ড করা যাবে। ইউএসবি ক্যাবলের মাধ্যমে পরে ভিডিও রেকর্ড কম্পিউটারে স্থানান্তর করা যাবে। —রয়টার্স
মহাকাশের আবহাওয়া নির্ণয়
বেশ অনেক বছর ধরে স্থবির হয়ে থাকা একটি উপগ্রহ প্রকল্প ২০১৫ সালের শুরুর দিকে মহাকাশে উেক্ষপণের উদ্যোগ নেয়া হয়েছে। ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি নামে কৃত্রিম উপগ্রহটি মহাকাশের আবহাওয়া পর্যবেক্ষণ করবে এবং সে অনুযায়ী খবর পাঠাবে। এ উপগ্রহটি যে শুধু মহাকাশের আবহাওয়ার খবর জানাবে তাই নয়, একে এমনভাবে তৈরি করা হয়েছে যে, এটি মহাকাশের আবহাওয়ায় পৃথিবীর জন্য ক্ষতিকর বিভিন্ন বিষয়ে মানুষকে সতর্ক করবে। — ইয়াহু নিউজ
কর্মী ছাঁটাই করবে ব্ল্যাকবেরি
বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সাড়ে চার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ব্ল্যাকবেরি। যা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাদের মোট কর্মীর ৪০ শতাংশ। সমপ্রতি এক বিবৃতিতে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা থোরস্টেইন হেইন্স বলেন, “অভিজ্ঞ এবং আরো প্রতিযোগিতা-মূলক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে আজ আমরা কঠিন কিন্তু প্রয়োজনীয় পরিবর্তনের ঘোষণা দিচ্ছি, যেন আমরা কোম্পানিকে লাভের দিকে এগিয়ে নিতে পারি।” —রয়টার্স
চীনে ব্লগারদের ওপর নজরদারি
সামপ্রতিক সময়ে চীনে ব্লগারদের ওপর আরও একদফা নজরদারি বাড়িয়েছে দেশটির সরকার। গত কয়েক মাসে বেশ কয়েকজন জনপ্রিয় ব্লগারকে গ্রেপ্তারও করা হয়েছে। চীনে সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুক বা টুইটার বন্ধ, সেইসাথে চীনা ওয়েব সাইটগুলোতে ব্লগে লেখার ক্ষেত্রেও নানা বিধি-নিষেধের মাঝে থাকতে হচ্ছে ব্লগারদের। —বিবিসি
