স্বাস্থ্য অধিদফতরের পাঁচ হাজার কর্মচারী নিয়োগ স্থগিত

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
স্বাস্থ্য এবং পরিকল্পনা অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঁচ হাজার কর্মচারীর নিয়োগ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে পৃথক দুটি বিজ্ঞাপনের মাধ্যমে গৃহীত নিয়োগের প্রক্রিয়া কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ ৭ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি একেএম জহিরুল হককে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। ৯১৫ জনের বিপরীতে স্বাস্থ্য অধিদপ্তর গত বছরের ২২ নভেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর চলতি বছরের ২১ মার্চ ৪২৯৪ জনকে নিয়োগের লক্ষ্যে অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। উভয় নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী এবং দুই নিয়োগ প্রার্থী তরিকুল ইসলাম ও আব্দুল্লাহিল মাহবুব। আবেদনকারীর পক্ষে এডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও এডভোকেট এএম আমিন উদ্দিন শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।