প্রধানমন্ত্রীর অবশিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
চলতি নবম জাতীয় সংসদের ১৮টি অধিবেশনে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত ৫৯টি প্রতিশ্রুতি দিয়েছেন। এরমধ্যে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে অর্ধেকেরও কম অর্থাত্ ২২টি। আর মাত্র চার মাস পর সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে অবশিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সে ব্যাপারে সংশয় রয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। তবে প্রধানমন্ত্রীর অবশিষ্ট ৩৭টি প্রতিশ্রুতির অবস্থান বিভিন্ন পর্যায়ে রয়েছে। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি সম্পর্কিত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ২২টি প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে। প্রতিবেদনে অপর ৩৭টি প্রতিশ্রুতির বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। এরমধ্যে ছয়টি আংশিক বাস্তবায়িত হয়েছে। চারটি বাস্তবায়নাধীন, ২৫টি প্রক্রিয়াধীন এবং দুইটি অবাস্তবায়িত রয়েছে। যে সব প্রতিশ্রুতি এখনো প্রক্রিয়াধীন বা বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে কমিটি সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে। কমিটির সদস্য আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, রাশেদা বেগম হীরা এবং বি এম মোজাম্মেল হক অংশগ্রহণ করেন। এছাড়া স্বরাষ্ট্র, পরিকল্পনা, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।