রাজধানীর মোহাম্মদপুর লালমাটিয়ায় সোনালী ব্যাংকের শাখা থেকে গার্মেন্টস ব্যবসায়ীর ৯ লাখ টাকা চুরির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রবিবার বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- হারুন উর রশিদ, বাদল, এমদাদুল হক ওরফে চঞ্চল, রাজু ওরফে মোস্তফা, মো. লিটন, মো. হারুন, ইউনুছ ওরফে সাগর ও হান্নান।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ডিএমপির যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, গত ২৬ আগস্ট হামিদুর রহমান নামে একজন ব্যবসায়ী তার গার্মেন্টসের কর্মচারীদের বেতন-ভাতা দিতে ব্যাংকে ২০ লাখ টাকা পে-অর্ডার করতে যান। ওই সময় গ্রাহক সেজে ব্যাংকে অবস্থান করছিল দুর্বৃত্তরা। তারা কৌশলে ব্যবসায়ীর টাকার ব্যাগ থেকে ৯ লাখ টাকা চুরি করে। ব্যাংকের গোপন ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখে ডিবি পুলিশ ওই চোর চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মনিরুল ইসলাম জানান, চক্রের সদস্যরা ব্যাংকে ঢুকে প্রথমে কোনও এক গ্রাহককে টার্গেট করে। এরপর পালাক্রমে ডিউটির মাধ্যমে টার্গেট করা গ্রাহকের ব্যস্ততার সুযোগে তার টাকার ব্যাগ কৌশলে চুরি করে লাপাত্তা হয়ে যায়। বিভিন্ন সময় ব্যবসায়ী এমনকি পুলিশের কর্মকর্তারাও এ ধরনের অবস্থার শিকার হয়েছেন। তবে এসব ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার বিষয় পাওয়া যায়নি বলে জানান তিনি। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
