শেরেবাংলা নগরে গত রবিবার রাতে নাসির হোসেন নামে পুলিশের এক সোর্সকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাসির পুলিশের সোর্স হিসেবে কাজ করার পাশাপাশি প্রাইভেটকার চালাতেন। তিনি পরিবারের সঙ্গে পশ্চিম রাজাবাজারের ৫৮/১/খ নম্বর ভাড়া বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল জব্বার। গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোমিন জানান, রবিবার রাত দুইটার দিকে পশ্চিম রাজাবাজার এলাকায় সন্ত্রাসীরা নাসিরের ডান হাত, ঘাড় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় হূদরোগ ইন্সটিটিউটের আইসিইউতে ভর্তি করলে রাতেই তার মৃত্যু হয়। পুলিশ হূদরোগ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই থানায় একটি মামলা হয়েছে।
