‘সৈয়দপুরে প্রত্যহ হাওয়া হয়ে যায় ৫ হাজার সুন্দরী’

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
সৈয়দপুরে সুন্দরী নামে নামকরণ পেয়েছে নিষিদ্ধ নেশাসামগ্রি ফেনসিডিল। এই সুন্দরী সৈয়দপুরের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে। চিলাহাটি, হিলি, লালমনিরহাট জেলাসহ উত্তরের বিভিন্ন সীমান্ত গলে এসব ফেনসিডিল সৈয়দপুরে আসছে বানের পানির মতো। তাই আসল ফেনসিডিলের সাথে নকল ফেনসিডিল বিক্রি হচ্ছে দেদারছে। খালি বোতলের উপর নকল লেবেল এঁটে তৈরি হচ্ছে নকল ফেনসিডিল। অনুসন্ধানে দেখা গেছে, রিকশা ভ্যান, অটোবাইক, প্রাইভেট কার, মাইক্রোবাস এমনকি মোটর সাইকেলে ও আন্তঃনগর ট্রেনে সৈয়দপুরে আসছে। সৈয়দপুরের প্রায় ২০টি পয়েন্টে অনেকটা প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব ফেনসিডিল। শহরের বাবুপাড়া, কলিম মোড়, আদানী মোড়, চৌমহনী, মিস্ত্রিপাড়া, ওয়াপদা মোড়, রসুলপুর, নয়াবাজার, পার্বতীপুর সড়ক, বাস টার্মিনাল ইত্যাদি স্থানে বিকেল থেকে রাত পর্যন্ত ৫ হাজার ফেনসিডিল বিকিকিনি হচ্ছে বলে সূত্র জানিয়েছে। স্থানীয় যুবকরাই এর প্রধান কাষ্টমার। দুপুর গড়ালেই ‘সুন্দরীরা’ পৌঁছে যায় আসক্তদের কাছে।