ছোট বেলা থেকেই তারকা হওয়ার শখ। বলিউডের মুভি দেখতে দেখতে একদিন নিজেও অভিনয় করবেন, মডেল হবেন এমনই স্বপ্ন ছিল তার। গত বছরের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা সেই সুযোগ করে দিয়েছে সৌমি দাসকে। স্বপ্নের মিডিয়া দুনিয়াতে সৌমি এখন পরিচিত এক মুখ।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ থার্ড সেমিস্টারে পড়ছে সৌমি। তিনি মিডিয়াকে যতটা গুরুত্ব সহকারে দেখেন, তার চেয়ে বেশি পড়াশোনাকে। তিনি বলছিলেন, ‘আমি পড়াশোনাকে অনেক প্রাধান্য দেই। বলতে পারেন আগে পড়াশোনা, আর পড়াশোনার পাশাপাশি মিডিয়াতে কাজ করি।
তবে এরই মধ্যে সৌমির থলেতে জড়ো হয়েছে একগাদা নাটকে অভিনয় করার অভিজ্ঞতা। নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হল নির্বিকার জীবন, রাফ ম্যান, প্রেরণা, প্রহরসহ আরও অনেক। এই মেয়েটি জয়া আহসানের ভক্ত। নির্দ্বিধায় স্বীকার করলেন, ‘আমি জয়া আহসানের মতো অনেক বড় একজন আর্টিস্ট হতে চাই।’ মিডিয়ার কোন দিকে আপনার বেশি ঝোঁক। এমন প্রশ্নের উত্তরে সৌমি, ‘প্রিন্ট শুট আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমার প্রিন্ট শুটের দিকেই ঝোঁক বেশি।’
তবে সৌমিকে কাজ করতে দেখা যায় বিভিন্ন বড় বড় কোম্পানির মডেল হিসাবেও। তিনি ঐশী, এস্টেসি, ডোরস, এফফরইউসহ আরও অনেক ব্র্যান্ডের সঙ্গেই কাজ করেছেন। এখন কি করছেন প্রশ্নের জবাবে জানালেন সৌমি— ‘কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতেও কাজ করলাম। ভিডিওতে আমার সহ-অভিনেতা সাব্বির আহমেদ।’
এই যে পড়াশোনার পাশাপাশি এতো কিছু করছেন, কীভাবে সম্ভব হচ্ছে? সৌমি মিষ্টি হেসে জবাব দিলেন, ‘আমার পরিবার আর বন্ধুরা সবাই আমাকে আমার কাজে অনেক সাপোর্ট করে। শিক্ষকেরাও মাঝে মাঝে অনুপ্রেরণা দেন।
