মিল্ক ভিটার মুনাফা বেড়েছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ১৯:২৯
দুর্নীতি, অপচয় ও অপব্যয় বন্ধ করে জবাবদিহিতা নিশ্চিত করায় এক সময়ের রুগণ ও লোকসানি প্রতিষ্ঠান দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতি (মিল্ক ভিটা) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ১৭ কোটি ১২ লাখ টাকা। যা আগের বছরে ছিল ১৬ কোটি ৭৭ লাখ টাকা। গেল অর্থবছরে মিল্ক ভিটার মোট আয় দাঁড়িয়েছে ৪৫৪ কোটি টাকা। যা আগের অর্থবছরে ছিল ৪২২ কোটি টাকা। মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী জানিয়েছেন, মিল্ক ভিটায় দুর্নীতি ও অপচয় হ্রাস এবং প্রশাসনিক শৃঙ্ক্ষলা ফিরিয়ে আনার ফলে প্রতিষ্ঠানটিতে আয় বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনে এ প্রতিষ্ঠানটি আরও বড় অবদান রাখতে পারবে। মিল্ক ভিটা সূত্রে জানা গেছে, অপচয়, অপব্যয় ও দুর্নীতি বন্ধে গত সাত মাসে গৃতীত পদক্ষেপের ফল হিসেবে প্রতিষ্ঠানটির প্রায় ২ কোটি ১১ লাখ টাকা সাশ্রয় হয়েছে। যা মিল্ক ভিটার মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে। পদক্ষেপের বিষয়ে মিল্ক ভিটা কর্তৃপক্ষ জানিয়েছে, মিল্ক ভিটার সদর দপ্তর ও মিরপুর কারখানায় কম্পিউটারাইজড ইন-আউট মেশিন স্থাপন, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার বাড়ানো, দুর্নীতির দায়ে ৯ কর্মকর্তা বরখাস্ত এবং কর্তব্যে অবহেলার জন্য ৩৯ জনকে সতর্ক করা হয়েছে। এছাড়া আর্থিক ক্ষতির দায়ে ২৩ জনকে জরিমানা, কর্মকর্তাদের কাছ থেকে আত্মসাত্কৃত ২২ লাখ টাকা আদায়, মাননিয়ন্ত্রণ শাখায় ২৪ ঘন্টা সিসিটিভি ব্যবহার, বিপণন কর্মীদের ২২টি নতুন মোটরসাইকেল প্রদান এবং শৃঙ্ক্ষলা ভঙ্গের অপরাধে ১৬ জন শ্রমিককে বরখাস্ত করা হয়েছে।