২৭ সেপ্টেম্বর শরত্ উত্সব

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২০:৩৪
আগামী ২৭ সেপ্টেম্বর সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিনব্যাপী শরত্ উত্সবের আয়োজন করা হয়েছে। উত্সব দু’পর্বে বিভক্ত। প্রথম পর্ব শুরু হবে সকাল ৭টা ১৫ মিনিটে। চলবে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে, চলবে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। প্রথম পর্বের উদ্বোধন সূচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় যন্ত্রসংগীত মুর্চ্ছনার মাধ্যমে। সকালের পর্বে দেশবরেণ্য শিল্পীবৃন্দের একক আবৃত্তি, একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা ও শরত্ ঋতুর উপর শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শরত্কথন পর্বে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি ড. হায়াত্ মামুদ। সকালের পর্বে অংশ নেবে সুরবিহার ও ধ্রুব শিশু-কিশোর সংগঠন। এ ছাড়াও একক সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা, মহিউজ্জামান চৌধুরী ময়না, অনিমা রায়, জান্নাতুল ফেরদৌস লাকী, বিমান চন্দ্র বিশ্বাস ও সুমারানী রায়। দলীয় সংগীত পরিবেশন করবে বহ্নিশিখা, স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, ধ্রুবতান ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। দলীয় নৃত্য পরিবেশন করবে নটরাজ, স্পন্দন ও নৃত্যম। একক আবৃত্তি পরিবেশন করবেন লায়লা আফরোজ ও নায়লা তারাননুম চৌধুরী কাকলি। প্রতি বছরের মতো এবারেও সকালের পর্বটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে।