গুগুল ক্রোম কেবল সাধারণ একটি ওয়েব ব্রাউজারই নয়, এর নানা ধরনের অ্যাপ্লিকেশন একে করে তুলেছে বিভিন্নভাবে কার্যকরী। এর নানা ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক কাজই করা যায়, যা সাধারণত অনেকেরই অজানা থাকে। এমন কিছু অ্যাপ্লিকেশনের কথা এই লেখায় পাঠকদের জন্য তুলে ধরেছেন তরিকুর রহমান সজীব
ইন্টারনেটের আগমনের শুরু থেকেই রয়েছে ওয়েব ব্রাউজার। তবে সময়ের সাথে সাথে ওয়েব ব্রাউজারের কাজ কেবল ওয়েব ব্রাউজিংয়ের মধ্যেই আর সীমাবদ্ধ নেই। এখন একেকটি ওয়েব ব্রাউজার তার জন্য তৈরি নানা ধরনের অ্যাড-অনস, প্লাগ-ইনস, অ্যাপ্লিকেশন আর এক্সটেনশনের মাধ্যমে পেয়েছে পূর্ণাঙ্গতা। আধুনিক সব ওয়েব ব্রাউজারগুলোর মধ্যে অবশ্য এ ক্ষেত্রে এগিয়ে রয়েছে গুগল’র ওয়েব ব্রাউজার ক্রোম। শুরু থেকেই এই ওয়েব ব্রাউজারের জন্য তৈরি হয়েছে নানা ধরনের এক্সটেনশন আর অ্যাপ্লিকেশন। সম্প্রতি ক্রোমের জন্য আরও বেশকিছু নতুন অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। এর অনেকগুলোই আবার অফলাইনেও কাজ করে। ফলে ক্রোমের এই অ্যাপ্লিকেশনগুলো এর কার্যকারিতাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
পিক্সেলআর টাচআপ
ছবি সম্পাদনা করার কাজে নানা ধরনের সফটওয়্যার থাকলেও অনলাইনে আপনার গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেই কাজটি সহজে করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটির নাম পিক্সেলআর টাচআপ। ছবি সম্পাদনার মৌলিক কাজগুলো খুব সহজে এবং দ্রুত সম্পন্ন করা যায় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ছবি ক্রপ করা, রিসাইজ করা, রোটেট করা তো বটেই; ছবিতে নানা ধরনের ইফেক্ট যুক্ত করাও এর মাধ্যমে অত্যন্ত সহজ। ইন্সটাগ্রামের মতো অনেক ধরনের ছবির ফিল্টার রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে। সরাসরি এর অনলাইন সংস্করণটি আরও বেশি সুবিধা দিলেও ক্রোমের অ্যাপ্লিকেশনটি ছবি সম্পাদনার কাজটি সহজ করে দেবে সকলের জন্যই। http://goo.gl/PEjQXl ঠিকানায় পাবেন ক্রোমের এই অ্যাপ্লিকেশনটি।
অ্যানি ডট ডু
অ্যানি ডট ডু মূলত একটি টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। এর আগে কেবল আইওএস বা অ্যান্ড্রয়েডের জন্যই উন্মুক্ত ছিল সেবাটি। তবে গুগল ক্রোমেও এটি যুক্ত হয়েছে কিছুদিন আগে। যেসব টাস্ক ম্যানেজার আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেগুলো সাধারণত একটি চেকলিস্ট এবং রিমাইন্ডার প্রদান করে থাকে। তবে অ্যানি ডট ডু এর বাইরেও আপনাকে কাজগুলো বাছাই করার সুযোগ করে দেয়। আবার আগামীকাল, আগামী পরশু বা অন্য কোনো দিন যে কাজগুলো করতে চান, সেগুলোর তালিকাও বাছাই করার সুযোগ করে দেবে। ক্রোম ওয়েব ব্রাউজারে এটি স্মার্টফোনের ডিসপ্লে’র মতো একটি আকৃতিতে হাজির হবে এবং সেখানেই আপনার কাজগুলো দ্রুত করার জন্য প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটও দেখাবে। http://goo.gl/Ung4sj ঠিকানায় গেলে পাবেন এই কার্যকরী অ্যাপ্লিকেশনটি।
গ্লিফি ডায়াগ্রাম
বিভিন্ন ধরনের ডায়াগ্রাম, ফ্লোচার্ট, ইন্টারফেসের মকআপ কিংবা অন্য যেকোনো ধরনের ডায়াগ্রাম আঁঁকার জন্য একটি কার্যকরী গুগল ক্রোম অ্যাপ্লিকেশনের নাম গ্লিফি ডায়াগ্রাম। আর এতে এই ডায়াগ্রামগুলো আঁঁকার পর এগুলোকে জেপিজি কিংবা পিএনজি ফাইল ফরম্যাটে সংরক্ষণ করতে পারবেন এবং সেগুলোকে শেয়ার করতে পারবেন অনলাইনে। এই অ্যাপ্লিকেশনটি পরিচালনা করাও অত্যন্ত সহজ। এতে রয়েছে নানা ধরনের বিল্ট-ইন শেপ যেগুলোকে নির্বাচন করে সরাসরি ওই শেপগুলো আঁঁকতে পারবেন। ফলে আঁঁকাআঁঁকির কাজে অভিজ্ঞতা না থাকলেও এটি ব্যবহার করতে পারবেন সহজে। http://goo.gl/sY3Fya লিংকে গেলে পাবেন এটি।
পকেট
অফলাইনে অনলাইন কোনো আর্টিকেল বা লেখা পড়ার জন্য অনেকেই স্মার্টফোন কিংবা ট্যাবলেট পিসিকে আদর্শ মনে করেন। তবে গুগল ক্রোমের পকেট অ্যাপ্লিকেশনটি সেই ধারণাকে পাল্টে দেবে। এটি ব্যবহার করে ওয়েবের যেকোনো আর্টিকেল বা অন্যান্য কনটেন্ট সংরক্ষণ করা যাবে এবং পরবর্তীতে এগুলোকে স্ট্রিমিং করে পড়ার সুযোগ করে দেবে। এর আরেকটি বড় সুবিধা হচ্ছে সরাসরি ব্রাউজার থেকেই ফুলস্ক্রিন মোডে পড়া যায়। http://goo.gl/FsHGBC লিংকে রয়েছে অ্যাপ্লিকেশনটি।
টেক্সট
ক্রোম অপারেটিং সিস্টেম এবং ক্রোম ওয়েব ব্রাউজারের জন্য অত্যন্ত সরল একটি টেক্সট এডিটর অ্যাপ্লিকেশন টেক্সট। এটি অনলাইনের পাশাপাশি অফলাইনেও কাজ করে। পাশাপাশি এর বড় একটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে অনেক ফরম্যাটের ফাইলই খোলা যায় এবং সেগুলোকে সংরক্ষণ করা যায়। এইচটিএমএল বা সিএসএস’র মতো জনপ্রিয় দুই ফাইল ফরম্যাট সমর্থন করে এটি। এর আরেকটি ব্যতিক্রমধর্মী সুবিধা হচ্ছে একই উইন্ডোতে একাধিক ফাইল খুলতে পারবেন এবং সাইডবার ব্যবহার করেই সেগুলোর মধ্যে স্থানান্তর করতে পারবেন। এর ডাউনলোড লিংক http://goo.gl/NKbLS।
গুগল কিপ
নোট নেওয়ার জন্য একটি কার্যকরী অ্যাপ্লিকেশনের নাম গুগল কিপ। এটি খুব সহজেই যেকোনো ওয়েবসাইট থেকে নোট নিতে পারে। এর মাধ্যমে দ্রুত আগের নোটগুলো দেখা যায় এবং এতে রক্ষিত নোটগুলো সব ধরনের ডিভাইসের মধ্যে সহজেই সিনক্রোনাইজ করে নিতে পারে। গুগল নাউ’র সাথে এটি যুক্ত হয়ে আপনাকে আপনার কাজের রিমাইন্ডারও প্রদান করতে সক্ষম। এটি ডাউনলোড করতে পারেন http://goo.gl/f6nWXo ঠিকানা থেকে।
