প্রযুক্তি ব্যক্তিত্ব

জন কারম্যাক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩০
আমেরিকান গেম প্রোগ্রামার এবং আইডি সফটওয়্যারের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা জন কারম্যাক। কমান্ডার কিন, উলফেনস্টেইন থ্রিডি, ডুম, কোয়েক, রেজ’র মতো সব জনপ্রিয় গেমের প্রধান প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন তিনি। কারম্যাক জন্মগ্রহণ করেন ১৯৭০ সালের ২০ আগস্ট। কারমাকের ছোটবেলা কাটে কানসাস শহরে। শোয়ানি মিশন ইস্ট হাই স্কুল এবং রেটাউন সাউথ হাই স্কুলে তার ছোটবেলার পড়ালেখা সম্পন্ন হয়। খুব অল্প বয়সেই কম্পিউটারের সাথে পরিচয় হয় তার। ১৪ বছর বয়সে একদল কিশোরদের সাথে একটি অ্যাপল ২ কম্পিউটার চুরির চেষ্টা করেন তিনি। অবশ্য ধরা পড়ার পর অবশ্য তাকে সংশোধন কেন্দ্রে কিছু সময় থাকতে হয়। স্কুল শেষ করে তিনি ভর্তি হন কানসাসের ইউনিভার্সিটি অব মিশৌরিতে। তবে নিজেকে একজন ফ্রিল্যান্সার প্রোগ্রামার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পড়ালেখা শেষ করার আগেই তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। কর্মজীবনের শুরুতেই তিনি যোগদেন সফটডিস্ক নামের একটি প্রতিষ্ঠানে। সেখানেই তিনি পরিচিতি হন জন রোমিরো’র সাথে। ১৯৯০ সালে সফটডিস্কে থাকার সময়েই তারা কমান্ডার কিন তৈরি করেন। এরপরেই ১৯৯১ সালে রোমিরোসহ কয়েকজনকে নিয়ে কারম্যাক গড়ে তোলেন আইডি সফটওয়্যার। আধুনিক সব গেমে যে থ্রিডি গ্রাফিক ইঞ্জিনের বহুল ব্যবহার রয়েছে, তার উদ্ভাবক কারম্যাক। চলতি বছরের আগস্টে তিনি অকুলাস ভিআর-এর সিটিও হিসেবে যোগদান করেন।