গ্যাজেটস

সনি স্মার্টস্টিক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩০
কিছুদিন আগেই গুগল বাজারে নিয়ে এসেছে তাদের টেলিভিশন ডঙ্গল ক্রোমকাস্ট। টেলিভিশনে ইন্টারনেট, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আর স্মার্ট ফিচার যুক্ত করতে এই ডঙ্গল তৈরি করেছে তারা। গুগল’র ক্রোমকাস্টের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে এবারে সনিও স্মার্ট টিভি ডঙ্গল তৈরির খবর নিশ্চিত করেছে। তাদের এই ডঙ্গলটির নাম দেওয়া হয়েছে ‘স্মার্টস্টিক’। অবশ্য ক্রোমকাস্টের মতো স্মার্টস্টিকও চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। এটি ব্যবহার করে ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিং এবং গেম খেলার কাজ অনেক সহজ হয়ে যাবে। তবে এটি ব্যবহার করার জন্য আলাদা কোনো কেবল লাগবে না। কারণ, টিভি’র মোবাইল হাইডেফিনেশন লিংক (এমএইচএল) সকেটেই এটি সংযুক্ত করা যাবে। সনি জানিয়েছে, নেটফ্লিক্স, অ্যামাজনের ইন্সট্যান্ট ভিডিও, ইউটিউব এবং ক্রোম ওয়েব ব্রাউজার বিল্ট-ইন হিসেবেই থাকবে এই ডঙ্গলে। ডঙ্গলটি চালানোর জন্য রয়েছে একটি রিমোট, যাতে ভয়েস কন্ট্রোলের জন্য মাইক্রোফোন ছাড়াও থাকবে টাচপ্যাড এবং অন্যান্য প্রচলিত বাটন। অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট দিয়েও নিয়ন্ত্রণ করা যাবে একে। অনেক ধরনের ফিচার এতে থাকলেও দেড়শ ডলার দাম ধরার কারণেই এটি খুব বেশি আদৃত হবে না বলে ভাবছেন সমালোচকরা।