পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের সাথে কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ বি এম গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ ব্যাপারে সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয় জানায়, কমিটির সদস্যরা পানি উন্নয়ন এবং পল্লী উন্নয়ন বোর্ডের বিভিন্ন সমস্যা,পূর্ববর্তী বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যত্ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও প্রতিষ্ঠান দু’টির অডিট আপত্তির বিষয়েও আলোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, ঢাকা মহানগরীর চারপাশের নদীগুলো সংস্কারপূর্বক পরিবেশ উন্নয়নসহ বুড়িগঙ্গা নদীর প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে ৯৪৪ কোটি নয় লাখ টাকা ব্যয় সম্বলিত ‘বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৪৩ কিলোমিটার পুংলী ও তুরাগ নদীর খনন কাজ সম্পন্ন হয়েছে।
কমিটি পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়মের সাথে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের সুপারিশ করেছে। বিআরডিবি’র বিভিন্ন দফতরের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেয়া হয়। এছাড়া মাঠ পর্যায়ে বিআরডিবি’র কাজের পরিধি আরও বৃদ্ধি করা জন্য কমিটি সুপারিশ করেছে। অপরদিকে বৈঠকে অনিষ্পন্ন অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পন্ন করার সুপারিশ করা হয়।
কমিটির সদস্য খান টিপু সুলতান এবং মিসেস আমিনা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।
