আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী যথাসময়ে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। সংলাপ হবে না, হওয়ারও কোন সুযোগ নেই। নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কারো নেই। বিরোধী দল ২৪ অক্টোবরের পর কঠোর আন্দোলনের হুমকি দিলেও কিছুই হবে না বলেও সাফ জানিয়ে দেন মোহাম্মদ নাসিম। মঙ্গলবার কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা এবং ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ২২ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আগামী দুই মাস আমাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। ১৫ আগস্টে আমরা কেঁদেছিলাম। আর কোন ১৫ আগস্ট আমরা চাই না। ২৫ অক্টোবর থেকে বিএনপির আন্দোলনের হুমকির জবাব দিতে আওয়ামী লীগ নেতাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি নেতারা আন্দোলনের হুমকি দিচ্ছেন। আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা শহর দখল করে সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাবেন। তাই আগামী ২৫ অক্টোবর থেকে আপনারা (আওয়ামী লীগের নেতাকর্মীরা) প্রস্তুত থাকবেন। আমরা রাজপথে থেকে তাদের সকল অপচেষ্টা রুখে দেব। ‘তথ্য বেরিয়ে এসেছে আরো আসবে’ মর্মে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে হানিফ বলেন, পদ্মা সেতু দুর্নীতিতে আবুল হাসানের নাম এসেছে। তিনি পিডিপি নেতা। তার সাথে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই। ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম. এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ।