সহিংসতা ও পাচারের শিকার নারীদের দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা কাটাতে যশোরের বেনাপোলে শুরু হচ্ছে বিশেষ কার্যক্রম। নারীদের পাশাপাশি গ্রামের অন্যরাও যাতে অংশ নিতে পারে সে জন্য স্থাপন করা হবে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। সীমান্তের নিকটবর্তী গ্রাম বাহাদুরপুরের দরিদ্র নারীদের সচ্ছল করে তোলার লক্ষ্যে ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) উদ্যোগে বিএসআরএম-এর আর্থিক সহায়তায় শুরু হচ্ছে এ কার্যক্রম। এমআরডিআইয়ের তত্ত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা অল্টারনেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর রেইজিং এন্ট্রাপ্রিনিউরশিপ (এডর) এবং দৈনিক গ্রামের কাগজ যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
মঙ্গলবার ঢাকায় এ কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিএসআরএম-এর চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী এফসিএ এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
