অস্ট্রেলিয়ান ফুটবল কোচের দিকে আবাহনী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৪
আবাহনী অনেক দিন ধরেই বিদেশি কোচ খুঁজছিল। কয়েকটি দেশের কোচও আবাহনীর ফুটবল দলের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে বায়োডাটা জমা দিয়েছিলেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান কোচের প্রতি আগ্রহটা বেশি আবাহনীর। যদিও চূড়ান্ত হয়নি এখনও তারপরও আবাহনী অনেক দূর এগিয়েছে নতুন কোচ নিয়োগের ব্যাপারে। গতকাল দুপুরে অস্ট্রেলিয়ান কোচ নাথান হল ঢাকায় সাক্ষাত্কার দিয়েছেন ক্লাবের কর্মকর্তাদের কাছে এবং রাতেই দেশের ফেরার প্লেন ধরেছেন। নিজের ক্যারিয়ার, কাজ করার ধরন, আবাহনীর দায়িত্ব পেলে তিনি কী করবেন এবং তার পারিশ্রমিক, সব কিছু নিয়েই আলোচনা হয়েছে আবাহনীর সাথে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় দিয়ে গেছেন অস্ট্রেলিয়ান কোচ। ৩৫ বছর বয়সী এই কোচ অস্ট্রেলিয়ান ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলেছেন। কোচিং ক্যারিয়ারে ইন্দোনেশিয়ান ফুটবল দলের সাথে সম্পৃক্ত ছিলেন। থাইল্যান্ডের কয়েকটি ক্লাবের সাথেও সহকারি কোচ হিসাবে কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়ান কোচ সাত হাজার ডলার বেতন চাইলেও সেটা কমতে শুরু করেছে। অস্ট্রেলিয়ান কোচ ছাড়াও আবাহনীর হাতে ছিল ডাচ এবং ইংলিশ কোচের বায়োডাটা। সেখান থেকে ইংলিশ কোচের প্রতি আগ্রহ থাকলেও সেদিকে খুব একটা আগায়নি আবাহনী।