বলিউডে আলিয়া ভাটের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ খুব বেশিদিন আগের কথা নয়। গত বছর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক। প্রথম অভিনীত ছবিতেই বাজিমাত করেছেন বলিউডের বিখ্যাত ‘ভাট’ পরিবারের মেয়েটি। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে তরুণ প্রজন্মের দর্শকদের হূদয় জয় করে নিতে পেরেছেন তিনি। তার স্নিগ্ধ নিষ্পাপ সৌন্দর্যের পাশাপাশি আবেদনময় পর্দা উপস্থিতি অনেক দর্শককে মুগ্ধ করেছে। এই মুহূর্তে নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে আলিয়াকে নিয়ে আলোচনা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি। এখন অনেক চিত্রনির্মাতার মনোযোগ তার দিকে। ধারণা করা যায়, আরও কয়েকটি ছবি মুক্তি পাওয়ার পর আলিয়ার অবস্থান আরও অনেক উপরে উঠে যাবে। বলিউডের তরুণ প্রজন্মের আলোচিত নায়িকা আলিয়া ভাটের সাম্প্রতিক ব্যস্ততা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন
আলিয়া ভাট অভিনীত দুটি সিনেমার কাজ চলছে বর্তমানে। এরমধ্যে একটি হলো ‘হাইওয়ে’। এটি ইমতিয়াজ আলির ছবি। এই পরিচালক ইতোমধ্যে ‘জব উই মিট’, ‘লাভ আজকাল’, ‘রকস্টার’-এর মতো ব্লকবাস্টার হিন্দি ছবি উপহার দিয়ে খ্যাতি ও সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছেছেন। তরুণ বয়সী মেধাবী ও সফল চিত্রনির্মাতা ইমতিয়াজ আলি তার নতুন ছবি ‘হাইওয়ে’তে আলিয়া ভাটকে নায়িকা করায় বলিউডের অনেকেই অবাক হয়েছিলেন। এর আগে কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোনদের মতো প্রতিষ্ঠিত জনপ্রিয় তারকা অভিনেত্রীরা ছিলেন ইমতিয়াজ আলির ছবির নায়িকা। যদিও তার ‘রকস্টার’-এ নতুন মুখ নার্গিস ফখরিকে দেখা গেছে নায়িকারূপে। আলিয়া ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’ ছবিতে নায়িকা হয়েছেন রণদীপ হুদার বিপরীতে। চকোলেট হিরো কিংবা হার্টথ্রব হিরোদের কারও সঙ্গে নয়, বরং ব্যতিক্রমধর্মী ইমেজের রণদীপ হুদার বিপরীতে আলিয়ার কাস্টিং নিয়ে কেউ কেউ ভ্রু কুঁচকেছেন। কিন্তু নির্মাণাধীন ‘হাইওয়ে’ ছবিতে আলিয়া ভাটের সাহসী অভিনয় এরইমধ্যে মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। ফলে দর্শক ‘হাইওয়ে’ ছবিটির ব্যাপারে বিশেষভাবে কৌতূহলী হয়েছেন। বলিউড বোদ্ধাদের অভিমত, এ ছবির মাধ্যমে দর্শক নতুন আরেক আলিয়া ভাটকে আবিষ্কার করবেন সিনেমার পর্দায়। যার মাধ্যমে তার ক্যারিয়ারে সাফল্যের নতুন মাত্রা যুক্ত হবে হয়তো।
আবার ওদিকে করণ জোহর প্রযোজিত ‘টু স্টেটস’ ছবিতে আলিয়া আসছেন অনেক চমক নিয়ে। চেতন ভগতের আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে ভিন্ন সংস্কৃতি ও ভাষার দুই প্রেমিক-প্রেমিকার নাটকীয় প্রেম ও দাম্পত্যজীবনের গল্প তুলে ধরা হয়েছে এ ছবিতে। এখানে আলিয়া অভিনয় করছেন ‘ইশাকজাদে’ খ্যাত তরুণ অভিনেতা অর্জুন কাপুরের বিপরীতে।
সম্প্রতি ২০১২ সালের নতুন মুখের বলিউড নায়িকাদের মধ্যে সেরা সম্ভাবনাময়ীদের তালিকা তৈরির জন্য বিশেষ এক জরিপের আয়োজন করেছিল ‘টাইমস অব ইন্ডিয়া’। দর্শকদের ভোট ও জরিপ আয়োজনকারীদের নিজস্ব মতামতের ভিত্তিতে প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানটি দখল করেছেন আলিয়া। যদিও তাকে এখনও দীপিকা, ক্যাটরিনা, কারিনা, সোনাক্ষি সিনহাদের সঙ্গে তুলনামূলক বিচারে তারকা অভিনেত্রী বলা যায় না। ১৯ বছর বয়সী আলিয়া ভাট সমসাময়িক অন্যান্য নবাগতা নায়িকাদের টেক্কা দিয়েছেন। আজকাল তরুণ বয়সীদের দর্শকদের মুখে প্রিয় নায়িকা হিসেবে আলিয়ার নামটি বেশ উচ্চারিত হচ্ছে। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে আলিয়ার সহজ সাবলীল অভিনয়, স্মার্ট সপ্রতিভ পর্দা উপস্থিতি খুব সহজেই অসংখ্য সিনেমা দর্শককে আবিষ্ট করেছে। দর্শক আজকাল সিনেমার পর্দায় যে ধরনের নায়িকাদের বেশি প্রত্যাশা করেন আলিয়ার মধ্যে তেমন যোগ্যতা ও গুণাবলি রয়েছে। ফলে এই মুহূর্তে তাকে নিয়ে বলিউডে আলোচনা বেশ জমজমাট বলা চলে।
‘টু স্টেটস’ ছবিতে অর্জুন কাপুরের সঙ্গে অভিনয় করতে গিয়ে আলিয়া ভাট নাকি নতুন প্রজন্মের এই আলোচিত অভিনেতার সঙ্গে ভালোবাসা আর বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে পড়েছেন বলে বাজারে জোর গুজব ছড়িয়ে পড়েছে। আলিয়া অর্জুনের সঙ্গে প্রেম করছেন পর্দায় এবং পর্দার বাইরে বাস্তব জীবনেও। তাদের দু’জনকে আজকাল বেশ ঘনিষ্ঠভাবে একসঙ্গে দেখা যাচ্ছে। বিষয়টি আলিয়াকে বেশ বিব্রত করেছে। তবে এ নিয়ে তার মধ্যে তেমন কোনো অনুতাপ নেই। অর্জুন কাপুরের সঙ্গে মাখামাখিটা আজকাল বেশ কমিয়ে দিয়েছেন আলিয়া। এ বছরে এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত নতুন কোনো বলিউডি সিনেমায় তাকে দেখা যায়নি। কিন্তু তারপরেও অন্যান্য ব্যস্ত তারকাদের মতো আলিয়ার জনপ্রিয়তার ব্যারোমিটার কেবলই উর্ধ্বমুখী, কখনও ব্যক্তিজীবনে পর্দার বাইরে বিভিন্ন নায়কের সঙ্গে ঘনিষ্ঠতার খবরের কারণে, আবার কখনও ছবিতে বহুল আলোচিত দৃশ্যে অভিনয় করে আলিয়া আলোচনা, বিতর্ক, সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মুক্তি প্রতীক্ষিত ‘হাইওয়ে’ ছবিতে একটি বিশেষ দৃশ্যে নায়ক রণদীপ হুদার সঙ্গে আলিয়ার সাহসী অভিনয় নিয়ে অনেক সমালোচনা বিতর্ক সৃষ্টি হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে ‘হাইওয়ে’ ছবিতে আলিয়া-রণদীপ হুদার সাহসী দৃশ্যটি ছড়িয়ে পড়ার পর প্রথম দিকে আলিয়া অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ভিডিও ক্লিপটিতে যে মেয়েকে দেখা যাচ্ছে তা তিনি নন। শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের কর্তনের কাঁচি থেকে এই বিতর্কিত দৃশ্যটি রক্ষা পাবে কি না তা নিয়েও সংশয় রয়েছে। আলিয়া ভাট বারবার বলছেন, ভিডিও ক্লিপটি মূলত ‘হাইওয়ে’ ছবির নয়, এটি একটি বানোয়াট ভিডিও। ‘হাইওয়ে’ ছবির মুক্তি আসন্ন হওয়ায় একটি মহল নাকি ষড়যন্ত্র করে এমন কাণ্ড করছে বলে অভিযোগ আলিয়ার। ‘হাইওয়ে’ এবং ‘টু স্টেটস’ ছবি দুটিতে কাজ করতে করতেই আলিয়া আরও বেশ কয়েকজন প্রখ্যাত চিত্রনির্মাতার নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ১৯৯১ সালের সাড়া জাগানো রোমান্টিক ছবি ‘দিল হ্যায় কী মানতা নেহি’ ছবির রিমেকে আলিয়ার অভিনয়ের সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠছে। যদিও এ ছবিতে নতুন প্রজন্মের আরও একজন আলোচিত ও সাড়া জাগানো নায়িকা শ্রদ্ধা কাপুরকে নেওয়ার কথাবার্তা শোনা যাচ্ছে। আজকের নতুন প্রজন্মের আরেক আলোচিত নায়িকা পরিণীতি চোপড়াকে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করেন তিনি। আলিয়া স্বীকার করেন পরিণীতির সঙ্গে তার প্রতিযোগিতা চলছে। নিজের জীবনসঙ্গী কেমন হবে—তেমন প্রশ্ন করা হয়েছিল আলিয়া ভাটকে। তিনি অকপটে নিজের পছন্দের কথা খুলে বলেন এভাবে, ‘আমার পছন্দ লম্বা ছেলে তার মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকবে। তাকে ব্যক্তিত্বসম্পন্ন ও মজার স্বভাবের মানুষ হতে হবে। তার মধ্যে সেন্স অব হিউমার না থাকলে আমার কাছে গ্রহণযোগ্য হবে না। সব সময় সুন্দর হাসি তার মুখে লেগে থাকবে।’
