নারী সুপারহিরো

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৮:৫৯
২০১০ সালের ব্লকবাস্টার মুভি ‘ব্ল্যাক সোয়ান’-এর কথা নিশ্চয়ই সবার মনে আছে। এই ছবিতে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান। পরবর্তীতে ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’ নামের সিনেমাটিতে অভিনয় করে আরও একবার খ্যাতির তুঙ্গে উঠে গেছেন এই তারকা। সম্প্রতি তিনি অভিনয় করেছেন কেন্দ্রীয় নারী সুপারহিরো চরিত্রে। আর এ ঘটনার কথাই জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম ২০১০ সালের ‘ব্ল্যাক সোয়ান’ ছবিটি শুধু জনপ্রিয়তাই নয়, সম্প্রতি পোর্টম্যানকে আবারও একটি খেতাব এনে দিল। আর সেটা হলো হলিউডের ‘মোস্ট ব্যাংকেবল’ অভিনেতার খেতাব। ফোর্বস ম্যাগাজিন বলছে, ‘পোর্টম্যানের পেছনে এক ডলার খরচের বিপরীতে নির্মাতার আয় হয়েছে ৪২.৭ মিলিয়ন ডলার।’ এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ‘টোয়াইলাইট’ সিরিজের ছবির অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তিনি এক ডলার আয়ের বিপরীতে নির্মাতাকে এনে দিয়েছেন ৪০.৬ মিলিয়ন ডলার। এ ছাড়া ফোর্বসের হিসেবে ২০১২ সালে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীও হলেন নাটালি পোর্টম্যান। এ বছর তার আয় ছিল সাড়ে ৩৪ মিলিয়ন ডলার। নাটালি পোর্টম্যানের বিষয়ে জানতে গিয়ে মজার কিছু তথ্যও পাওয়া যায়। গত তিন বছরে মুক্তি পাওয়া ছবি এবং প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর মুক্তি পাওয়া শেষ তিনটি ছবির ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে ফোর্বস ম্যাগাজিন। তালিকার শীর্ষে থাকা নাটালি পোর্টম্যানের একটি ছবি হলো ‘ভি ফর ভ্যানডেট্টা’। ২০০৫ সালে ছবিটি মুক্তি পায়। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন নিয়ে ছবিটি তৈরি হয়েছিল। ‘জনগণের সরকারকে ভয় পাওয়া উচিত নয়, বরং সরকারেরই উচিত জনগণকে ভয় পাওয়া’—এই ছিল ছবির অন্যতম একটি বক্তব্য। তবে সিনেমাটি নিয়ে সমস্যা হয়েছিল, চীনের প্রেক্ষাগৃহগুলোতে এই ছবি দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু সেই ছবিই এবার দেখানো হয়েছে চীনের সরকারি টেলিভিশনে! বেশ অবাক করা ব্যাপার। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এ নিয়ে তারা তাদের আশ্চর্য হওয়ার বিষয়টি প্রকাশ করেছেন। তার সম্পর্কে আরও জানাতে গিয়ে জানা যায় তার আরও এক প্রতিভা সম্পর্কে। প্রায় দুই দশক ধরে অভিনয় করছেন, এবার চলচ্চিত্র পরিচালকের আসনে বসতে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নাটালি পোর্টম্যান। তার প্রথম ছবির বিষয় ইসরায়েলি ঔপন্যাসিক আমোস ওজের স্মৃতিকথা ‘অ্যা টেল অব লাভ অ্যান্ড ডার্কনেস’। ইসরায়েলি-আমেরিকান এই অভিনেত্রী ছবিটিতে ওজের মায়ের ভূমিকায় অভিনয়ও করবেন। এতে চল্লিশ ও পঞ্চাশ দশকে যুদ্ধবিধদ্ধস্ত জেরুজালেমে ওজের শৈশব, তার মায়ের মৃত্যু, ইসরায়েলের রাজনৈতিক অবস্থা উঠে এসেছে। ওজ নিজেও চিত্রনাট্য তৈরিতে সহযোগিতা করছেন। ছবিটির দৃশ্যধারণ শুরু হবে জানুয়ারিতে। এ ব্যাপারে ওজ বলেছেন, ‘বইটি পড়ে নাটালি ছবি বানানোর জন্য স্বত্ব চেয়েছিলেন ৫/৬ বছর আগে। আমি তার কাজের মুগ্ধ দর্শক, তাই সম্মতি জানিয়েছি। তিনি চমত্কার একজন অভিনেত্রী।’ নাটালির ক্যারিয়ারের আরও একটি পালক যোগ করে শেক্সপিয়ারের অমর সৃষ্টি ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্র ‘লেডি ম্যাকবেথ’ চরিত্রটি। এর মধ্যেই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘ব্ল্যাক সোয়ান’ খ্যাত অস্কারজয়ী এ তারকা অভিনেত্রী। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন ‘শোটাউন’ খ্যাত অস্ট্রেলীয় নির্মাতা জাস্টিন কারজেল। এর চিত্রনাট্য লিখেছেন টড লুইসো ও জ্যাকব কশফ। ছবিটিতে নাটালির বিপরীতে অভিনয় করবেন ‘প্রমিথিউস’ খ্যাত আইরিশ তারকা অভিনেতা মাইকেল ফাসবেন্ডার। নেতিবাচক চরিত্রে নাটালির অভিনয়ের অভিজ্ঞতা নেহাত কম নয়। কাজেই নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবিটিতে ‘লেডি ম্যাকবেথ’ চরিত্রের নিষ্ঠুরতাকে তিনি যে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলবেন, তা অনেকটাই নিশ্চিত। সম্প্রতি মাইকেল ফাসবেন্ডারের সঙ্গে মার্কিন নির্মাতা টেরেন্স মালিকের নাম চূড়ান্ত না হওয়া নতুন ছবির শুটিং শেষ করেছেন নাটালি। টেরেন্সের পরিচালনায় ‘নাইটস অব কাপস’ ছবিতেও অভিনয় করবেন তিনি। আসছে নভেম্বরে মুক্তি পাচ্ছে নাটালি অভিনীত ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’ ছবিটি। একের পর এক সুপার হিরোর জন্ম দিয়েছে ‘মার্ভেল কমিকস’। মার্ভেলেরই সুপার হিরোদের একজন থর। দুই বছর আগে মুক্তি পেয়েছে থর ছবিটি। তখন ‘থর’ চরিত্রে অভিনয় করেছিলেন ক্রিস হেমসওয়ার্থ। ২০১৩ সালের নভেম্বরে মুক্তি পাবে ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’। এই ছবিতে অভিনয় করেছেন নাটালি পোর্টম্যান। আর এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সুপার হিরোগিরি শুধু পুরুষেরাই করবেন কেন।’ ‘থর :দ্য ডার্ক ওয়ার্ল্ড’ ছবির প্রচারণা চালানোর সময় পোর্টম্যান বলেন, ‘অবশ্যই বেশ কিছু শক্তিশালী নারী চরিত্র আছে। কিন্তু শুধু একজন নারীকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে রেখে এ ধরনের ছবি নির্মাণ মানেই রোমাঞ্চকর কিছু। আমার ধারণা, এ ধরনেরই একটি ছবি দর্শক দেখতে পাবেন।’