খোঁজখবর

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৩, ১৯:০০
ঈদের টেলিছবিতে আসছে ঈদের জন্য নির্মিত টেলিছবি ‘পুতুল রহস্য’তে অভিনয় করলেন চিত্রনায়িকা পপি। রিজওয়ান খানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় এতে পপির বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এই টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘অভিনয়শৈলীর গুণে ছোটপর্দায় মিলন ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। অনুরূপভাবে চলচ্চিত্রেও তিনি এখন নিয়মিত অভিনয় করছেন। তিনি ভীষণ কো-অপারেটিভ শিল্পী। এ টেলিছবিতে শুটিং করতে এসেও বিষয়টি লক্ষ করছি। তার সঙ্গে কাজ করে বেশ ভালোই লাগছে।’ ‘পুতুল রহস্য’ টেলিছবিটি আসছে ঈদে একুশে টিভিতে প্রচার হবে। এবার সূচনা সংগীত ফোকসম্রাজ্ঞী মমতাজ এবার একটি ধারাবাহিকের সূচনা সংগীত গাইলেন। ‘গৃহ বিবাদ’ নামের নাটকের সূচনা সংগীতের কথা হচ্ছে—‘তোমরা দেখ না দেখ না/ এই দুনিয়া পাগলের কারখানা’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আবু সাইয়ীদ সরকার। সূচনা সংগীতটিও লিখেছেন তিনি। এর সুর ও সংগীত পরিচালনা করছেন ফরিদ আহমেদ। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘গানটি ফোক ঘরানার। এ ধরনের গান করতে সব সময়ই আমার ভালো লাগে। আশা করি, গানটি সবাইকে আকৃষ্ট করবে।’ উল্লেখ্য ধারাবাহিকের বেশ কয়েকটি পর্বে শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এটি প্রচার শুরু হবে। মমতাজ বর্তমানে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া ছোটপর্দার লাইভ সংগীতানুষ্ঠানগুলোয়ও নিয়মিত অংশগ্রহণ করছেন। উপস্থাপনাকে এড়িয়ে চলছেন লাক্সতারকা অর্ষা বর্তমানে নাটক-টেলিছবির অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে কিছুদিন ধরে তিনি বিভিন্ন চ্যানেল থেকে নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করার প্রস্তাব পাচ্ছেন। কিন্তু এসব প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিচ্ছেন। অর্ষা শুধু অভিনয়েই ক্যারিয়ার গড়তে চান। তাই উপস্থাপনা করার সব কৌশল জানা থাকলেও আপাতত এর থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে অর্ষা বলেন, ‘উপস্থাপনাও শিল্পের একটি অন্যতম মাধ্যম। এ শিল্পের ভেতর দিয়ে শিল্পী তার মেধা এবং মননকে বিকশিত করতে পারেন। কেউ এ মাধ্যমটিতে কাজ করতে চাইলে ন্যূনতম প্রশিক্ষণ নিয়ে আসা উচিত। উপস্থাপকদের মধ্যে অনেকেরই উপস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ নেই। তাই দিন দিন দক্ষ উপস্থাপকের সঙ্কট দেখা দিচ্ছে। এতে অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়লেও মান কিন্তু খারাপ হচ্ছে।’ সুবর্ণরেখা চরিত্রে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী ভাবনা এবার অভিনয় করলেন সুবর্ণরেখা চরিত্রে। গৌতম কৈরীর রচনা ও পরিচালনায় এই নাটকের নাম ‘সুবর্ণরেখার বাঁশিওয়ালা’। সুবর্ণরেখা চরিত্রে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘নাটকে আমি সুবর্ণরেখা চরিত্রে অভিনয় করেছি। একজন বাঁশিওয়ালার ম্যাজিক্যাল ভাবনা থেকে বাস্তবের ভাবনাতে আমাকে পাওয়ার মধ্যদিয়েই নাটকের গল্প আবর্তিত হয়েছে। আমার চরিত্রটি সত্যিই খুব চমত্কার। নাটকটি দর্শকের ভালো লাগবে।’ এই নাটকে ভাবনার বিপরীতে আছেন শতাব্দী ওয়াদুদ। ‘সুবর্ণরেখার বাঁশিওয়ালা’ নাটকটি এবারের ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ‘জামাই দাওয়াত পাইছে’তে ছয় তারকা গত ঈদে এসএটিভিতে প্রচার হয় এক খণ্ড নাটক ‘জামাই দাওয়াত’। নাটকটি চাঁদরাতে প্রচার হওয়ার পর দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাওয়া যায়। তাই দর্শকের কথা বিবেচনা করেই এসএটিভি পরিচালক আমীন আজাদকে একই নাটকের একটি সিক্যুয়াল নাটক নির্মাণের কথা বলেন। বৃন্দাবন দাসের রচনায় ও আমীন আজাদের পরিচালনায় ‘জামাই দাওয়াত’ নাটকের সিক্যুয়াল হিসেবে নির্মিত হলো নাটক ‘জামাই দাওয়াত পাইছে’। সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। যথারীতি এ নাটকে অভিনয় করেছেন তাজিন আহমেদ, বৃন্দাবন দাস, শাহানাজ খুশী, চঞ্চল চৌধুরী, হোমায়রা হিমু ও পরিচালক আমীন আজাদ নিজে। কোরবানির ঈদে যথারীতি তিন জামাই শ্বশুরবাড়ি আসে ঈদ করতে। কোরবানির গরুর নাম রাখা হয় বড় জামাই মাসুদের নামে। এই নিয়ে ঘটতে থাকে নানা কাণ্ড। হাস্যরসাত্মক গল্পের নাটক ‘জামাই দাওয়াত পাইছে’ নাটকটি নিয়ে ছয় তারকাই ভীষণ খুশি। কারণ প্রত্যেকই নিজ নিজ চরিত্রে খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক আমীন আজাদ বলেন, ‘সত্যি বলতে কী সিক্যুয়াল নির্মাণ করতে গিয়ে এবার আগের চেয়ে আমি আরেকটু বেশি সচেতন ছিলাম যেন দর্শক নাটকটি উপভোগ করেন। প্রত্যেকেই খুব চমত্কার অভিনয় করেছেন।’