বহুমাত্রিক চরিত্রে অভিনয়ের জন্য মোশাররফ করিমের আলাদা একটি চাহিদা তৈরি হয়েছে পরিচালকদের কাছে। নাট্যকার ও পরিচালক মাসুদ সেজানও তাই মোশাররফ করিমকে নিয়ে নাটক নির্মাণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সত্যি বলতে কি তাদের দু’জনার বন্ধুত্বের সম্পর্কটাও চমত্কার। আসছে ঈদের জন্য মাসুদ সেজান নির্মাণ করলেন একখণ্ডের নাটক ‘মানি ইজ নো প্রোবলেম’। এই নাটকে লন্ডন প্রবাসী চরিত্রে প্রথম সিলেটের ভাষার চরিত্রে অভিনয় করলেন মোশাররফ করিম। সম্প্রতি উত্তরায় নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন খালেদ আহমেদ
লন্ডন প্রবাসী মিল্লাত হোসেন মিল্লাত বিয়ে করার উদ্দেশ্যে দেশে এসেছেন। তার একটাই চাওয়া পাত্রীকে অবশ্যই সংস্কৃতিমনা হতে হবে। ঘটক হিসেবে নির্বাচন করেছেন তারই এক বিয়াই তবলাবাদক জিন্নাহ্ হোসেনকে। জিন্নাহ্ হোসেন একজন আবৃত্তিশিল্পী ও একজন সংগীতশিল্পীর সঙ্গে তার পরিচয় করিয়ে দিলে মিল্লাত হোসেন তাদের ইন্টারভিউ নিয়ে দুইজনকেই বাতিল করে দেয়। অবশেষে নৃত্যশিল্পী সুমীকে সে চূড়ান্ত পছন্দ করে ফেলে। সমস্যা হয়ে দাঁড়ায় সুমীর প্রেমিক শামীম আহসান। সুমীর এই বেকার প্রেমিকের বেকারত্বের সুযোগ নিয়ে মিল্লাত হোসেন তাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করে। সুমীর দুলাভাই বিয়েতে আপত্তি জানালে মিল্লাত হোসেন সুমীর বড় আপাকে পুরো পরিবারসহ লন্ডন নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে রাজি করিয়ে ফেলে। সবাই এখন সুমীর দিকে তাকিয়ে আছে, সুমি কী করবে? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে এক খণ্ডের নাটক ‘মানি ইজ নো প্রবলেম’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ এই নাটকের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুণ, শামীমা নাজনীন, অশোক বেপারী, সাজ্জাদ রেজা, রোবেনা রেজা জুঁই, মিলন ভট্টাচার্য ও ঐশ্বর্য। লন্ডন প্রবাসী চরিত্রে এই প্রথম সিলেটের ভাষার চরিত্রে অভিনয় করলেন মোশাররফ করিম। এই নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘মাসুদ সেজানের পরিচালনায় কাজ করছি বেশ ক’বছর। তার লেখা গল্পগুলো যেমন অসাধারণ ঠিক তেমনই তার নির্মাণশৈলীও চমত্কার। লন্ডন প্রবাসী যুবক মিল্লাতের চরিত্রে অভিনয় করতে ভীষণ ভালো লেগেছে। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাটকের পরিচালক মাসুদ সেজান বলেন, ‘এর গল্পের পটভূমি সবকিছুই করা হয়েছে জীবনঘনিষ্ঠ করে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতির জন্ম দেবে দর্শকদের মাঝে।’ উল্লেখ্য ‘মানি ইজ নো প্রোবলেম’ আসছে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় আরটিভিতে প্রচার হবে।
