‘উত্সবে আজ কণ্ঠে জাগাও দ্রোহের উচ্চারণ’ স্লোগানে চান্দিনায় অনুষ্ঠিত হলো কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের পাঁচ বছর পদচারণ উত্সব। গত ২১ সেপ্টেম্বর বিকেলে চান্দিনা ডাক বাংলো অডিটোরিয়ামে অনুষ্ঠিত উত্সবের উদ্বোধন করেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তি শিল্পী মো. আহ্কাম উল্লাহ্। উত্সবে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের পক্ষ থেকে বরেণ্য কবি হেলাল হাফিজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। উত্সবের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি ডাকবাংলা অডিটোরিয়াম থেকে বের হয়ে উপজেলা রোড, থানা রোড হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সন্ধ্যায় উপজেলা ডাকবাংলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বরেণ্য আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দোপাধ্যায়।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তি শিল্পী কাজী মাহতাব সুমন, চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, নির্বাহী সদস্য মনির হোসেন, প্রকাশনা সম্পাদক জি. এম মোর্শেদ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের সহ-সভাপতি প্রভাষক এনায়েত উল্লাহ ভূইয়া, সাংবাদিক মামুনূর রশিদ সরকার, সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী খন্দকার সারওয়ার হোসেন নাঈম।
উত্সবে এবিএম জোবায়ের ও তাসলিমা আক্তার তানিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন—কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, মো. রিপন, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদের উপদেষ্টা প্রভাষক গৌতম কুমার দেব, ফ্যাশন ডিজাইনার মো. মিজানুর রহমান, খন্দকার শাখাওয়াত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, সাংবাদিক রণবীর ঘোষ কিংকর, মো. জাকির হোসেন, মো. আবদুল বাতেন প্রমুখ।
উত্সবে চারুকণ্ঠ ঢাকা-তিতাস আবৃত্তি সংগঠন ব্রাহ্মণবাড়িয়া, কণ্ঠশিল্প বাংলা কুমিল্লা, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ ও নান্দনিক স্কুল, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ‘আবৃত্তি বিভাগ’, শানিত উচ্চারণ বাচিক শিল্পচর্চা কেন্দ্রের আবৃত্তিশিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন।
